চায়ের পাতার সঙ্গে বিভিন্ন গাছের পাতা মিশিয়ে পাতাগুলো গুঁড়ো করে কমিক্যাল মিশেয়ে তৈরি করা হচ্ছে গ্রিন টি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্ধুরখান ইউনিয়নের সিক্কা গ্রামেই তৈরি হচ্ছে এসব নকল গ্রিন টি যা দেশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে।
নকল গ্রিন টি তৈরির খবর পেয়ে অভিযান চালিয়ে তিন বাড়ি থেকে ৮৭ বস্তা নকল গ্রিন টি পাতা উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় মৌলভীবাজার জেলা পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গলের ৩টি বাড়িতে অভিযান চালিয়ে নকল গ্রিন টি পাতা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনায় জড়িতরা পালিয়ে যান। সিক্কা গ্রামের আব্দুর রহিম মিয়ার ঘর থেকে ৪০ বস্তা, নুর মিয়ার ঘর থেকে ৩৫ বস্তা, আব্দুল মজিদ মিয়ার ঘর থেকে ১২ বস্তা গ্রিন টি ও বালুমিশ্রিত ডাস্ট এবং সিডার মাধ্যমে তৈরিকৃত চা-পাতা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগান থেকে চা ও বিভিন্ন গাছের পাতা সংগ্রহ করে চক্রটি। পরে প্রযুক্তির মাধ্যমে এসব পাতা শুকিয়ে ঢেঁকি এবং যন্ত্রপাতির মাধ্যমে গুঁড়া করে কেমিক্যাল মিশিয়ে গ্রিন টি তৈরি করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
