এবার সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর চীন সরকারের আচরণকে গণহত্যা বলে আখ্যা দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে। বৃহস্পতিবার প্রথমবারের মতো ব্রিটিশ হাউজ অব কমন্সে এ ধরনের একটি বিল পাশ হয়। এর আগে নেদারল্যান্ড, কানাডা এবং যুক্তরাষ্ট্র একই রকম বিল পাশ করেছিল। খবর বিবিসি
চীনে প্রায় দেড় কোটি উইঘুর মুসলমানের বাস। জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার ৪৫ শতাংশই উইঘুর মুসলিম। এই প্রদেশটি তিব্বতের মতো স্বশাসিত একটি অঞ্চল। বিদেশি মিডিয়ার সেখানে প্রবেশের ব্যাপারে কঠোর বিধিনিষেধ রয়েছে। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সূত্রে খবর আসছে, সেখানে বসবাসরত উইঘুরসহ ইসলাম ধর্মাবলম্বীদের ওপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে বেইজিং। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে যৌন নির্যাতনও করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। চীন এগুলোকে সন্ত্রাস দমনের লক্ষ্যে পরিচালিত ‘পুনঃশিক্ষণ কেন্দ্র’ হিসেবে বর্ণনা করে থাকে।
