বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে। ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথম দিকে এই শিল্পবিপ্লব ঘটবে বলে ধারণা করা হচ্ছে। শিল্পবিপ্লব এমন এক প্রক্রিয়াকে বোঝায়, যা উত্পাদনের ক্ষেত্রে যান্ত্রিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সংঘটিত হয়। শিল্পের কাঠামো ও উত্পাদন প্রক্রিয়ায় সার্বিক, আমূল ও আকস্মিক পরিবর্তনের সঙ্গে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক প্রভৃতি ক্ষেত্রে পরিবর্তনের সম্মিলিত রূপই শিল্পবিপ্লব।
শিল্পবিপ্লবের ফলে মানুষের জীবনে নানা ধরনের পরিবর্তন আসে। চতুর্থ শিল্পবিপ্লব হবে প্রযুক্তিগত শিল্পবিপ্লব। মানুষের যে কাজ করতে দিনের পর দিন লেগে যায়, প্রযুক্তির উন্নতির কারণে সে কাজ কয়েক মিনিটে হয়ে যাবে। প্রথম শিল্পবিপ্লব ঘটেছিল ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। বিদ্যুত্ আবিষ্কার হয় ১৮৭০ সালে। ফলে দ্বিতীয় শিল্পবিপ্লব ত্বরান্বিত হয় এবং তৃতীয় শিল্পবিপ্লব ঘটে ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কারের মাধ্যমে। ইন্টারনেটের আবিষ্কার শিল্পবিপ্লবের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। তবে আগের তিনটি শিল্পবিপ্লবকে ছাড়িয়ে গেছে আজকের যুগের ডিজিটাল বিপ্লব, যাকে চতুর্থ শিল্পবিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছে।
ডিজিটাল বিপ্লবকে চতুর্থ শিল্পবিপ্লব হিসেবে প্রথম সংজ্ঞায়িত করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান ক্লাউস সোয়াব তার লেখা ‘দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন’ গ্রন্থে। ২০১৬ সালের জানুয়ারিতে প্রকাশিত এই গ্রন্থে তিনি চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তী সময়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এ ধারণার ব্যাপক প্রচার ও প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেয়। তারও আগে ২০১১ সালে একদল জার্মান বিজ্ঞানী শিল্প কলকারখানাগুলোয় কীভাবে অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা যায় বা ডিজিটাল কৌশল প্রয়োগ করা যায়, তা নিয়ে গবেষণা শুরু করেন। যেখানে কম জনবল দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে পণ্য উত্পাদন সহজ হবে। সেখান থেকেই মূলত চতুর্থ শিল্পবিপ্লব ধারণাটির উদ্ভব।
বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই তরুণ। এ দেশের কর্মসংস্থানেও তারুণ্যের ভূমিকা রয়েছে অসামান্য। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের মতে, তরুণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভারতে ৩৫ কোটি ৬০ লাখ, চীনে ২৬ কোটি ৯০ লাখ, ইন্দোনেশিয়ায় ৬ কোটি ৭০ লাখ, যুক্তরাষ্ট্রে ৬ কোটি ৫০ লাখ, পাকিস্তানে ৫ কোটি ৯০ লাখ এবং বাংলাদেশে রয়েছে ৪ কোটি ৭৬ লাখ। এই তরুণেরাই বাংলাদেশের সব ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে। আজও বাংলাদেশের সব অভূতপূর্ব সৃষ্টিগুলোর জন্মই দেন তরুণেরা। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে দেশ গঠনেও তরুণদের ছিল ইতিবাচক ভূমিকা। গান, কবিতা, আবৃত্তি, নাচ, খেলাধুলা, সাহিত্য আড্ডা, ছাত্ররাজনীতি—সবকিছুতে তাদের ছিল প্রধান বিচরণক্ষেত্র। কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশের সব ক্ষেত্রে চরম দৈন্য লক্ষণীয়। না আছে খেলার মাঠ, না আছে পৃষ্ঠপোষক, না আছে সাহিত্য আড্ডা, না সুস্থধারার সাংস্কৃতিক আন্দোলন।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আঞ্চলিক কর্মসংস্থান নিয়ে প্রতিবেদন অনুযায়ী, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি পাকিস্তানে—১৬.৮ শতাংশ। বাংলাদেশে এই হার ১০.৭ শতাংশ, যা এই অঞ্চলের ২৮টি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। দেশে তরুণদের বিশেষত শিক্ষিত তরুণদের এক বৃহদাংশ বেকার জীবন যাপন করছে এবং সেটা বেড়েই চলেছে। বাংলাদেশে শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। প্রতি ১০০ জন স্নাতক ডিগ্রিধারীর মধ্যে ৪৭ জনই বেকার। অর্থাত্, প্রতি দুই জনে এক জনের নাম বেকারের খাতায় অন্তর্ভুক্ত। অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে বেকারের সংখ্যা ৩ কোটি। প্রতিষ্ঠানটি আভাস দিয়েছে, কয়েক বছরে তা দ্বিগুণ হয়ে ৬ কোটিতে দাঁড়াবে, যা মোট জনসংখ্যার ৩৯.৪০ শতাংশ হবে। আইএলওর হিসাবটিকেই পর্যবেক্ষকেরা বাংলাদেশের প্রকৃত বেকারের সংখ্যা বলে মনে করেন।
২০১৬ সালে ইউরোপীয় ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এক পরিসংখ্যানে আরো দেখা যায়, বাংলাদেশে শতকরা ৪৭ শতাংশ গ্র্যাজুয়েট হয় বেকার, না হয় তিনি যে কর্মে নিযুক্ত, তার জন্য বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হওয়ার কোনো প্রয়োজন ছিল না। প্রতি বছর বাংলাদেশে ২২ লাখ কর্মক্ষম মানুষ চাকরি বা কাজের বাজারে প্রবেশ করছেন। এই বিশালসংখ্যক কর্মক্ষম মানুষের মাত্র ৭ শতাংশ কাজ পাবেন। এর অর্থ হচ্ছে, দুই-তৃতীয়াংশ মানুষ বেকারের তালিকায় নাম লেখাচ্ছেন।
বাংলাদেশের এই বেকার তরুণদের যদি আমরা চতুর্থ শিল্পবিপ্লবকে মাথায় রেখে আইসিটি সেক্টরে দক্ষ করে তুলতে পারি, তাহলে তারা হয়ে উঠবে একেক জন দেশের সম্পদ। এজন্য এখনই সময় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর। চতুর্থ শিল্পবিপ্লব মাথায় রেখে কারিকুলাম প্রণয়ন করা। পাবলিক প্রতিটি বিশ্ববিদ্যালয় এআই, সাইবার সিকিউরিটি, রোবটিকস ইত্যাদি সাবজেক্ট অন্তর্ভুক্ত করা। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আইসিটি সেক্টরে দক্ষ কর্মীর বিকল্প নেই। বেকার তরুণদের চিন্তাচেতনা আর বুদ্ধি যদি কাজে লাগাতে পারে রাষ্ট্র, তবে বাংলাদেশ পরিণত হবে সোনার বাংলায়। দেশকে এগিয়ে নিতে হলে তরুণ সমাজের বিকল্প নেই।
লেখক :শিক্ষার্থী, হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম
