সাজেদুর রহমান শিলু, দিনাজপুর ॥ দিনাজপুরে আরও একটি নতুন লোহার খনির অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি)। ইতোমধ্যে খনির সম্ভাব্যতা ও যাচাই কার্যক্রম শুরু করেছেন জিএসবি’র কর্মকর্তারা। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের কেশবপুর মৌজায় এই খনির সন্ধান পাওয়া গেছে। নতুন খনির খোঁজ পাওয়ার পর সম্পদের সম্ভাব্যতা যাচাইয়ে নেমেছেন জিএসবি কর্মকর্তারা। চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর-এ-কামাল জানান, বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর (ভূতত্ত্ব)-এর পরিচালক আবদুল আজিজ পাটোয়ারী স্বাক্ষরিত জেলা প্রশাসককে দেয়া একটি চিঠির অনুলিপি পেয়েছেন।
এর আগে ২০০১ সালে পার্শ্ববর্তী উপজেলার পার্বতীপুরের আমবাড়ীতে তামার খনি পাওয়ার আশায় কূপ খনন করা হয়েছিল। সর্বশেষ হাকিমপুরের ইসবপুরে লোহার খনির পর এবার চিরিরবন্দর উপজেলার কেশবপুর মৌজায় নতুন খনির খোঁজ পেল জিএসবি।
বুধবার সরজমিনে গিয়ে দেখা যায়, ভূ-গর্ভের অভ্যন্তরে সম্পদের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কূপ খনন শুরু করেছে দফতরের একটি অনুসন্ধানী দল। প্রথম তিন মাস কূপ খনন করে চালানো হবে খনিজ সম্পদের অনুসন্ধান কাজ। আর তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেখানে। নতুন খনিতে লোহার কাঁচামাল আকরিকের পুরুত্ব অনেক বেশি। তাই লোহার সঙ্গে তামাসহ অন্যান্য মূল্যবান সম্পদ পাওয়ার আশাও করছেন তারা। প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে আসা হচ্ছে কেশবপুরে। সংরক্ষিত এলাকা হিসেবে সাইনবোর্ড লাগানো হয়েছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কূপ খনন কাজ উদ্বোধনের আশা করছেন জিএসবি’র সংশ্লিষ্টরা।
এদিকে নাম জানাতে অনিচ্ছুক খনন কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত এক কর্মকর্তা জনকণ্ঠকে জানান, জিএসবি’র ডিজি এই কূপ খনন কাজ উদ্বোধন করবেন। তবে এর আগে এ বিষয়ে কোনও কিছু না জানানোর নির্দেশনা আছে। চিঠিতে কেশবপুর এলাকায় জিডিএইচ-৭৬/২১ কূপ খনন কার্যক্রমে বহিরাঙ্গনে অবস্থানকালীন সময়ে কর্মকর্তাদের আনুষঙ্গিক সহায়তা, নিরাপত্তা, তথ্য ও উপাত্ত সরবরাহ, যাতায়াত, পথ প্রদর্শন প্রদানে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। এই চিঠি পুলিশ সুপার, চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিরিরবন্দর থানাকেও প্রদান করা হয়েছে। এরইমধ্যে খনন কার্যক্রমসহ যাবতীয় কাজে সহযোগিতার জন্য দিনাজপুরের জেলা প্রশাসক, চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের পরিকল্পনা ও বাস্তবায়ন শাখা।

