ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় খড় সংকট এখন প্রকট। দিশেহারা ছোট বড় গরুর খামারীরা। বর্তমানে প্রতি মন ধানের দাম ১ হাজার টাকা আর খড় বিক্রি হচ্ছে ১২শ’ টাকায়। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মাইকিং করে বিক্রি হচ্ছে খড়।
বোর ধানের খড় বৃষ্টির কারনে নষ্ট হয়ে গেছে কৃষকের। আউশের আবাদ তেমন একটা হয় না এ উপজেলায়। যে কারনে খড়ের সংকট দেখা দেয়। কৈয়ারচালা গ্রামের তানিয়া তানফি ডেইরী ফার্ম পরিদর্শন করে দেখা গেছে, খামারের ১০ গরুর মধ্যে খড় সংকটে দাম বেড়ে যাওয়ায় ৫ টি গরু বর্গা দিয়ে দিয়েছেন। বাকী ৫ টি গরুর জন্য ১২শ’ টাকা মণ দরে খড় কিনে খাবারের ব্যবস্থা করছেন। ঐ খামারের মালিকের স্ত্রী পারভিন আকতার জানান, আমন ধান উঠার আগ পর্যন্ত খড় কিনেই গরু গুলো পালন করতে হবে। ৩ মাস চড়া দাম দিয়ে খড় কিনে খাওয়ালে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়বে।
বাকতা গ্রামের আঃ মতিন জানান, খড় সংকট মোকাবেলার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাক বোঝাই করে খড় আসলেও দাম কমছে না। চড়া দাম দিয়ে মানুষ খড় কিনে গরুর খাবারের ব্যবস্থা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন বাজারে মাইকিং করে খড়ের দোকানে খড় বিক্রি হচ্ছে। অন্য জেলা থেকে খড় কিনে এনে বিক্রি করায় চড়া দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক খড় ব্যবসায়ী।
উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন নাহার জানান, চার হাজার হেক্টর জমিতে এবার আউশের আবাদ হয়েছে বলে জানান তিনি। খড়ের দামের বিষয়ে তিনি বলেন, আসলে খড়ের মূল্য নির্ধারিত না যে যেমন পাড়ে তেমন বিক্রি করে। আর চাহিদা বেড়ে গেলে দামও বেড়ে যায়।
