সৌদি আরবের মসজিদভিত্তিক পাঠাগারগুলো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী শায়খ আবদুল লাতিফ আল-শেখ এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। তিনি গবেষক, জ্ঞানারোহী, ছাত্রদের জন্য বুদ্ধিবৃত্তি ও জ্ঞানকেন্দ্র হিসেবে মসজিদভিত্তিক পাঠাগারের গুরুত্ব তুলে ধরেন। তিনি কর্মকর্তাদের মসজিদভিত্তিক পাঠাগারগুলোতে যেসব বই রয়েছে তা পর্যালোচনা করার নির্দেশ দেন এবং বলেন, এগুলো উপকারী বই সরবরাহ করুন। একই সঙ্গে তিনি চরমপন্থা ও বিচ্ছিন্নতাবাদে উৎসাহিত করে—এমন বইগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেন।
গত রবিবার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের ইমাম, খতিব, মুয়াজ্জিন, সরকারি ইসলাম প্রচারক ও খণ্ডকালীন প্রচারকদের উদ্দেশ্যে জারিকৃত এক প্রজ্ঞাপনে এসব নিদের্শনা দেন। মসজিদভিত্তিক পাঠাগারগুলো ঢেলে সাজানোর অংশ হিসেবে ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় মসজিদগুলোতে বিদ্যমান বইগুলোর তালিকা তৈরি করবে। একই সঙ্গে আল-শেখ সৌদি আরবের মসজিদগুলোতে কর্মরতদের ‘বৌদ্ধিক’ নিরাপত্তা বিষয়ক কর্মশালাগুলোতে অংশগ্রহণ এবং তাদের ইসলামের সঠিক বিশ্বাস, শরিয়তের বিধি-বিধান ও নৈতিকতাবিষয়ক নির্দেশনা তুলে ধরার নির্দেশ দিয়েছেন।
সূত্র : সৌদি গেজেট
