প্রিয় অভিভাবকবৃন্দ, গত দুই পর্বে আমরা টক্সিক পজিটিভিটি কী, এর লক্ষণ এবং ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন এই শেষ পর্বে ফোকাস করবো কীভাবে এই ফাঁদ এড়িয়ে যাওয়া যায়।
আমরা চাই আমাদের সন্তানরা শুধু হাসিখুশি নয়, বরং মানসিকভাবে সুস্থ, আত্মবিশ্বাসী এবং আবেগীয়ভাবে শক্তিশালী হয়ে উঠুক। টক্সিক পজিটিভিটি এড়াতে হলে সন্তানের সব ধরনের আবেগকে গ্রহণ করতে হবে, তাদের অনুভূতিকে মূল্য দিতে হবে এবং বাস্তবতার সাথে মোকাবিলা করতে শেখাতে হবে।
চলুন শুরু করি:
১. সন্তানের প্রতিটি আবেগকে স্বীকৃতি দিন
প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো সন্তানের আবেগকে স্বীকৃতি দেওয়া। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যখন আপনার সন্তান কোনো আবেগ নিয়ে আপনার কাছে আসবে, তখন আপনার প্রথম কাজ হলো তাকে বোঝানো যে তার অনুভূতিগুলো আপনি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। এর মানে এই নয় যে আপনি তার সব আচরণকে সমর্থন করছেন, বরং এর অর্থ হলো আপনি তার মানবিক অনুভূতিকে সম্মান জানাচ্ছেন।
ধরুন, আপনার সন্তান স্কুল থেকে ফিরে এসে বলল, “আম্মু, আজ স্কুলে আমার এক বন্ধু আমাকে অপমান করেছে, আমার খুব কষ্ট লাগছে।”
আপনি যদি বলেন, “আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ, বন্ধুরা যদি ভুলবশত কাউকে কষ্ট দেয়, সত্যিই খারাপ লাগে। আচ্ছা বলো কি কি ঘটনা ঘটেছে?”
এই যে আপনি তার অনুভূতিকে মূল্যায়ন করেছেন, এতে সে ভবিষ্যতে তার অনুভূতি প্রকাশ করতে সাহস পাবে এবং আত্মবিশ্বাস বাড়বে। এছাড়াও এই স্বীকৃতি তাকে তাৎক্ষণিকভাবে শান্ত করবে এবং সে জানবে তার অনুভূতিগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ।
২. কান্না বা দুঃখকে স্বাভাবিক হিসেবে দেখুন
সব কান্না দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি আবেগ (কষ্ট) প্রকাশের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাই সন্তানকে কাঁদতে দেখলে তাকে সাথে সাথে থামিয়ে না দিয়ে বরং তাকে মাঝে মাঝে কাঁদার সুযোগ দিন। এটি তাদের শেখাবে যে আবেগ প্রকাশ করা স্বাভাবিক এবং নিরাপদ।
ধরুন, আপনার সন্তান তার প্রিয় দাদু মণির মৃত্যুতে শোকার্ত। আপনি তাকে কান্না করতে দেখে বলবেন না, “ও আল্লাহর কাছে চলে গেছে। আমাদের এত কান্না করা উচিত নয়, মানুষ কি বলবে এভাবে কাঁদলে?”
বরং আপনি তাকে জড়িয়ে ধরে বলুন, আমি জানি তোমার খারাপ লাগছে, তুমি তাকে খুব ভালোবাসতে, তাই তোমার মন খারাপ হওয়াটাই খুব স্বাভাবিক। (তারপর ইসলামে দৃষ্টিতে কতটুকু কান্না করা যাবে, কি করা যাবে না, সবরের পুরষ্কার ইত্যাদি বুঝিয়ে বলবেন)। বয়স অনুযায়ী আলোচনা করবেন, তাৎক্ষণিক না হলে পরে বুঝিয়ে বলবেন। তবে চাপ দিয়ে বা লোকলজ্জার ভয়ে কান্নাকে স্টপ করে দিবেন না।
এটি সন্তানকে শোক বা ক্ষতি মোকাবিলা করার একটি স্বাস্থ্যকর উপায় শেখাবে। এতে সে তার দুঃখ প্রকাশ করে শান্ত হবে এবং পরেরবার চ্যালেঞ্জ মোকাবেলায় আরো বেশি শক্তিশালী হবে ইন শা আল্লাহ ।
৩. সমস্যা-সমাধানের অংশীদার হোন
শিশুর নেতিবাচক আবেগকে স্বীকৃতি দেওয়ার পরের ধাপ হলো তাকে সমাধান খুঁজে বের করতে সাহায্য করা। নেগেটিভ আবেগকে উপেক্ষা না করে সন্তানের সাথে বসে সমস্যার মূল কারণ খুঁজে সমাধান করুন। এটি তাদের শেখাবে, কীভাবে বাস্তবতার সাথে মোকাবিলা করতে হয়, যা তাদের সমস্যা সমাধানের ক্ষমতা বাড়াবে।
ধরুন, আপনার মেয়ে তার সবচেয়ে ভালো বন্ধুর সাথে খুব ঝগড়া করেছে। আপনাকে এসে জানালে, আপনি যেটা বলবেন না, “তার চেয়ে ভালো বন্ধু পেয়ে যাবি। এসব নিয়ে চিন্তা করে কী লাভ?”
বরং আপনি যা করবেন: প্রথমে তার কষ্টকে স্বীকৃতি দিবেন। তারপর বলবেন, “এটা নিশ্চয়ই খুব বেদনাদায়ক। তুমি কি মনে করো, কেন সে তোমার সাথে ঝগড়া করেছে? শয়তান কি তোমাদের মাঝে ঝগড়া লাগিয়ে দিয়েছে? আমরা একসঙ্গে এর জন্য কিছু পরিকল্পনা করতে পারি। যেমন: তুমি তাকে একটা চিঠি লিখতে পারো, তুমি নিজ থেকেই তাকে দু:খিত বলো। মনে রাখবে, সরি বললে কেউ ছোট হয় না।”
এতে শিশুর সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা-সমাধানের দক্ষতার বিকাশ ঘটবে। সে শিখবে, সমস্যা জীবনের একটি অংশ এবং সেগুলোর মোকাবিলাও করা যায়।
৪. নিজের আবেগ প্রকাশ করে রোল মডেল হোন
শিশুরা যা দেখে, তাই শেখে এবং অনুকরণ করে। আপনি যদি আপনার নিজের আবেগ সঠিকভাবে প্রকাশ করতে পারেন, তাহলেই তারা শিখবে যে আবেগ প্রকাশ করা স্বাভাবিক এবং এতে কোনো লজ্জা নেই।
ধরুন, অফিস থেকে ফিরে আপনি খুব ক্লান্ত ও চাপে আছেন। কখনো মুখে জোর করে হাসি লাগিয়ে বলবেন না, “সব ঠিক আছে! আমি খুব খুশি!”
বরং সঠিকভাবে আবেগ প্রকাশ করুন। সন্তানকে বলুন, “আজ বাবার অফিসে অনেক চাপ ছিল, তাই আমি একটু ক্লান্ত বোধ করছি। আমি এখন কিছু মিনিট চুপচাপ বসে এক কাপ চা খেয়ে বিশ্রাম নেব। তারপর আমরা একসাথে খেলব। ঠিক আছে!”
এটি শিশুকে শেখাবে, নেতিবাচক অনুভূতি থাকা স্বাভাবিক এবং কীভাবে নিজের যত্ন নিতে হয়। এছাড়াও সব সময় খুশি থাকা সম্ভব নয়। সবাই কখনো কখনো দুঃখ বা ক্লান্তি অনুভব করে।
সম্মানিত অভিভাবক,
টক্সিক পজিটিভিটির বিরুদ্ধে লড়াই মানে নিখুঁত হওয়ার যুদ্ধ নয়। এটি হলো সত্যনিষ্ঠা, বোঝাপড়া ও গভীর সংযোগের যুদ্ধ। আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত এমন একটি আবেগিকভাবে নিরাপদ ঘর গড়ে তোলা, যেখানে আপনার সন্তান সবসময় এই বার্তাগুলো পায়—
• তাদের প্রতিটি অনুভূতি—হাসি, কান্না, রাগ, ভয়—সবই গ্রহণযোগ্য এবং স্বাগত। (ভুল হলে সংশোধন হবে)
• তারা নিখুঁত না হলেও পূর্ণভাবে ভালোবাসা পাওয়ার যোগ্য এবং তাদের মূল্য অপরিসীম।
• জীবনের চ্যালেঞ্জগুলো বাস্তব ও সত্যি, কিন্তু তারা একা নয়। আপনি সবসময় তাদের পাশে আছেন, সমাধানের পথ খুঁজে বের করতে তাদের সাহায্য করবেন ইন শা আল্লাহ।
মনে রাখবেন, আপনি শুধু সন্তানকে ইতিবাচকভাবে চিন্তা করতে শেখাচ্ছেন না; বরং তাকে মানুষ হতে শেখাচ্ছেন। যে তার সব অনুভূতির সাথে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, অন্যের অনুভূতি বুঝতে পারে এবং জীবনের উত্থান-পতনকে সুন্দরভাবে সামলাতে পারে।

