ক্রসফায়ারের ভয় দেখিয়ে ব্যবসায়ীর টাকা লুট ২ পুলিশ গ্রেফতার

0
129

সীতাকুণ্ডে একটি প্রাইভেটকার ক্রয় করতে এসে পুলিশের হাতে সর্বস্ব হারিয়েছেন ব্যবসায়ী মো: আবু জাফর। সীতাকুণ্ড মডেল থানার এসআই সাইফুল আলমের নেতৃত্বে একটি চক্র ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ ৮০ হাজার টাকা লুট করায় সীতাকুণ্ড থানায় মামলা করেছেন ভুক্তভোগী আবু জাফর। এ ঘটনায় বৃহস্পতিবার মধ্যরাতে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম। তবে দুই পুলিশ গ্রেফতার হলেও এ মামলায় অন্য আসামি পুলিশ সোর্স মো: রিপন (৩০), হারুন (৩৭) ও রাজু (২২) পলাতক রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর সকালে গাড়িচালক আবু জাফর একটি প্রাইভেট কার কিনতে সীতাকুণ্ডে আসেন। কিন্তু দরদামে না মেলায় তিনি কারটি না কিনে সন্ধ্যায় ফিরে যাওয়ার সময় পৌরসদর বাসস্ট্যান্ডে শ্যামলী বাস কাউন্টারে তিনজন পুলিশ সোর্স তাকে ইয়াবা ব্যবসায়ী বলে ভয়ভীতি দেখাতে থাকে। একপর্যায়ে তাদের সাথে সীতাকুণ্ড থানার এসআই সাইফুল আলম ও ওসির বডিগার্ড কনস্টেবল সাইফুল ইসলাম যোগ দেয়। পরে তারা নিজেদের ডিবি বলে পরিচয় দেয় এবং পেটে ইয়াবা আছে বলে ভয় দেখিয়ে জেনারেল হাসপাতালে নিয়ে এক্স-রে করায়। কিন্তু ইয়াবা না পেলেও পরে আরো বিভিন্ন স্থানে নিয়ে গাড়ি ক্রয়ের জন্য তার সাথে রাখা দুই লাখ ৮০ হাজার টাকা লুটে নিয়ে একটি গাড়িতে তুলে দেয়। তিনি সুবিচারের আশায় সীতাকুণ্ড থানায় এসে ঘটনা জানান। চট্টগ্রামের পুলিশ সুপারও ঘটনাটি জানতে পেরে এ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিলে তদন্তে নামে পুলিশ। ভুক্তভোগী আবু জাফর এ ঘটনায় সীতাকুণ্ড থানার এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ দিকে মামলা দায়েরের পর প্রথম দিকে এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম পালিয়ে গেলেও পরে পুলিশ সুপারের চাপে বৃহস্পতিবার রাত ১২টার সময় তারা থানায় এসে আত্মসমর্পণ করলে তাদের গ্রেফতার করা হয়। জানতে চাইলে ঘটনার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড সার্কেলের অ্যাডিশনাল এসপি আশরাফুল করিম এসআই সাইফুল ও কনস্টেবলের গ্রেফতারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার সত্যতা স্বীকার করেন। এর বেশি তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =