Monday, April 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমতপ্রকাশের মূল্য কত? জুলাই-সম্পৃক্ত অবস্থানে পাঁচ সাংবাদিককে ঘিরে সিদ্ধান্তে রাজনৈতিক অভিঘাত

মতপ্রকাশের মূল্য কত? জুলাই-সম্পৃক্ত অবস্থানে পাঁচ সাংবাদিককে ঘিরে সিদ্ধান্তে রাজনৈতিক অভিঘাত

বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে কিছু দিন থাকে, যা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্তের কারণে নয়, বরং তার প্রতীকী অভিঘাতের জন্য স্মরণীয় হয়ে ওঠে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ—রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’ (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ -কে ঘিরে পদক্ষেপের অভিযোগ এবং বেসরকারি সম্প্রচারমাধ্যম এখন টেলিভিশন -এর চার সাংবাদিক— মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, মো. বেলায়েত হোসেন এবং মোহাম্মদ আজহারুজ্জামান—কে ‘জোরপূর্বক চাকরিচ্যুত’ করার অভিযোগ—সে রকমই এক অধ্যায়ের সূচনা করেছে।

অভিযোগের ভাষ্য বলছে, এটি নিছক প্রশাসনিক রদবদল ধরে নেয়া দায়; বরং একটি অবস্থানের মূল্য। চব্বিশের জুলাই আন্দোলন ও তার নয় দফা কর্মসূচির পক্ষে প্রকাশ্য সমর্থন, প্রতিবেদন ও সম্পাদকীয় ভূমিকা—এই প্রেক্ষাপটেই নাকি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি, তবু ঘটনাপ্রবাহের ভেতরকার বর্ণনা গণমাধ্যম অঙ্গনে গভীর আলোড়ন তুলেছে।

ঘটনার ক্রমবিবরণ আরও প্রশ্নের জন্ম দিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি—কারও ক্ষেত্রে অফিসকক্ষ থেকে সরাসরি বের করে দেওয়া হয়েছে, আবার কাউকে অফিস প্রাঙ্গণে ঢুকতেই দেওয়া হয়নি। যদি এমনটি সত্য হয়ে থাকে, তবে সেটি প্রাতিষ্ঠানিক শালীনতা ও ন্যায্য প্রক্রিয়ার প্রশ্নও সামনে নিয়ে আসে বলে দাবি সচেতন মহলের। কোনো লিখিত নোটিশ, কারণ দর্শানো বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কি না—তা এখনো অস্পষ্ট।

রাজনৈতিক বাস্তবতাও ঘটনাটিকে নতুন মাত্রা দিয়েছে। “বাংলাদেশ জাতীয়তাবাদী দল” (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের প্রথম কার্যদিবসেই এমন অভিযোগ সামনে আসায় বিষয়টি প্রতীকী গুরুত্ব পেয়েছে। সমালোচকদের একাংশ বলছেন, জুলাই আন্দোলন সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি মোড় ঘোরানো অধ্যায়; সেই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে তা গণতান্ত্রিক অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হতে পারে। অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকদের আরেক অংশ সতর্ক করছেন—প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তকে সরাসরি রাজনৈতিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করার আগে স্পষ্ট তথ্য ও আনুষ্ঠানিক বক্তব্য প্রয়োজন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রধানকে ঘিরে বিতর্কের তাৎপর্য ভিন্ন মাত্রার। কারণ, একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষপদ কেবল প্রশাসনিক অবস্থানে সীমাবদ্ধ না; সেটি নীতিগত দিকনির্দেশনার প্রতীকও। সেখানে হঠাৎ পদক্ষেপের অভিযোগ উঠলে তা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কাঠামো, নীতিনির্ধারণ ও জবাবদিহিতার সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলে। একইভাবে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে চার সাংবাদিককে ঘিরে অপসারণের অভিযোগ সংবাদপেশার নিরাপত্তা ও সম্পাদকীয় স্বাধীনতার প্রশ্নকে আরও তীব্র করে।

গণমাধ্যম বিশ্লেষকদের মতে, সাংবাদিকতার পেশা এমন এক ক্ষেত্র, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা—দুইয়ের ভারসাম্য রক্ষা জরুরি। কিন্তু যদি কোনো নির্দিষ্ট সামাজিক বা আপামর জনতার ন্যায্য আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়াই প্রশাসনিক সিদ্ধান্তের কারণ হয়ে দাঁড়ায়, তবে তা ভবিষ্যতে আত্মনিয়ন্ত্রণের সংস্কৃতি সৃষ্টি করতে পারে। সাংবাদিকরা যদি মনে করেন, নির্দিষ্ট ইস্যুতে নীতিগত অবস্থান তাদের পেশাগত ঝুঁকিতে ফেলতে পারে, তবে সেটি স্বাধীন সাংবাদিকতার পরিসর সংকুচিত করার শঙ্কা তৈরি করে।

অন্যদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়া অভিযোগের সত্যতা যাচাই কঠিন। প্রশাসনিক পুনর্গঠন, চুক্তির শর্ত বা অভ্যন্তরীণ নীতিমালার প্রশ্ন—এসবও সম্ভাব্য কারণ হতে পারে। কিন্তু স্পষ্ট বক্তব্য না এলে জনমনে সন্দেহ ও প্রশ্ন জিইয়ে থাকে।

সাংবাদিক সমাজের একাংশ ইতোমধ্যে এ ঘটনাকে ‘গণমাধ্যমের জন্য অশনিসংকেত’ হিসেবে উল্লেখ করেছেন। তাদের বক্তব্য—গণতন্ত্রের শক্তি কেবল নির্বাচননির্ভর নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতা, পেশাগত মর্যাদা এবং জবাবদিহিতার ওপর নির্ভরশীল। কোনো সাংবাদিক যদি কেবল তার নীতিগত অবস্থানের কারণে হেনস্তা বা অপসারণের শিকার হন, তবে তা বৃহত্তর গণতান্ত্রিক পরিসরকেই সংকুচিত করবে।

জনসাধারণের মতামত হচ্ছে,

এই মুহূর্তে প্রয়োজন স্বচ্ছতা, সংলাপ ও প্রাতিষ্ঠানিক ব্যাখ্যা। অভিযোগ যদি ভিত্তিহীন হয়, তবে তা পরিষ্কার করা হোক; আর যদি প্রক্রিয়াগত ত্রুটি থেকে থাকে, তবে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হোক। কারণ, গণমাধ্যমের প্রতি জনআস্থা একবার নড়বড়ে হয়ে গেলে তার অভিঘাত বহুদূর বিস্তৃত হয়।

সচেতন মহলের শেষ পর্যন্ত প্রশ্নটি একই জায়গায় এসে দাঁড়ায়—জুলাইয়ের পক্ষে দাঁড়ানো কি প্রশাসনিক অপরাধ? নাকি ঘটনাগুলোর পেছনে রয়েছে এমন কোনো প্রাতিষ্ঠানিক বাস্তবতা, যা এখনো প্রকাশ পায়নি? উত্তর যা-ই হোক, পাঁচ সাংবাদিককে ঘিরে এই ঘটনাপ্রবাহ বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বিতর্কের সূচনা করেছে—যার নিষ্পত্তি নির্ভর করবে ন্যায্য প্রক্রিয়া, জবাবদিহিতা এবং স্বাধীনতার প্রতি প্রকৃত অঙ্গীকারের ওপর।

SourceThe Aasr

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য