সীমান্ত এলাকায় পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে বিএসএফ। কৃষকরা আজ তাদের নিজের জমিতে কাজ করতে যেতে ভয় পায়। সীমান্ত সংলগ্ন নদীতে আমাদের অংশে মাছ ধরতে যেতে পারেনা। হত্যার পর তারা লাশ টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরিবারের লোকজনকে লাশ পর্যন্ত ফেরত দেওয়া হয় না।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে কালিগঞ্জ উপজেলার বলাইরহাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মৃত্যু শয্যায়। অথচ তার চিকিৎসা নিয়ে সরকার তামাশা করছে। দ্রব্যমূল্যের দাম আজ নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। সর্বত্র দুর্নীতি ছেয়ে গেছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ নেয়।
কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল ও সীমান্তে নিহত ইদ্রিসের ভাই একরামুল ইসলাম।
