সিঙ্গাপুর সরকার দেশটির মসজিদগুলোর ওপর করোনাকালীন বিধি-নিষেধ আরো শিথিল করেছে। ফলে আগামী ১ এপ্রিল শুক্রবার থেকে মসজিদের ধারণক্ষমতার ৭৫ শতাংশ মুসল্লি নামাজে অংশগ্রহণ করতে পারবে। এখন ধারণক্ষমতার ৫০ শতাংশ মুসল্লি জামাতে নামাজ আদায়ের সুযোগ পায়। এ ছাড়া জুমার নামাজের দ্বিতীয় জামাতে অংশগ্রহণের জন্য অনলাইন বুকিংয়ের বাধ্য-বাধকতাও তুলে নেওয়া হবে।
ইসলামিক রিলেজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুরের (এমইউআইএস) নির্বাহী কর্মকর্তা কাদির মাইদিন গণমাধ্যমকে এসব তথ্য জানান। তবে রমজান মাসে জামাতে তারাবি আদায়বিষয়ক নির্দেশনা সামনে জানানো হবে বলে মন্তব্য করেন তিনি। কাদির মাইদিন এমন সময় এই ঘোষণা দিলেন যখন সিঙ্গাপুর সরকার ঘোষণা দিয়েছে যে এক হাজারের বেশি লোক সমাগম হতে পারে এমন স্থানে ৭৫ শতাংশ মানুষ অংশগ্রহণ করতে পারবে।
সরকার নতুন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে সিঙ্গাপুরের মুসলিমরা। ১৯ বছর বয়সী শিক্ষার্থী খায়রি ইরফান কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ভবিষ্যতে বিধি-নিষেধ আরো শিথিল করা যায় কি না তা নিরীক্ষা করার প্রথম ধাপ এটি। যদি এটা সফল হয়, তবে ভবিষ্যতে আরো ভালো হবে আশা করা যায়।
কাদির মাইদিন করোনা মহামারির সঙ্গে তাল মিলিয়ে দায়িত্ব মসজিদের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি অন্তরের গভীর থেকে তাদের ধন্যবাদ জানাই। কেননা তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। …তারা পরিবর্তনের তাল মিলিয়ে কাজ করেছেন এবং আমাদের পরিবেশকে নিরাপদ রাখতে সাহায্য করেছেন।
সূত্র : দ্য স্ট্রেইটস টাইমস
