এ বছর আরব রিডিং চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছে শাম আল-বাকুর নামের সাত বছর বয়সী সিরিয়ান শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুবাইয়ের ওপেরায় অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এক মিলিয়ন দিরহাম (প্রায় দুই কোটি ৭৪ লাখ টাকা) পুরস্কার প্রদান করেন আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশিদ আল-মাকতুম। এ সময় আরো উপস্থিত ছিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, দুবাইয়ের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ান, দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের প্রধান শাইখা লতিফা বিনতে মোহাম্মদসহ আরো অনেকে।
আরবিভাষী শিশু-কিশোর শিক্ষার্থীদের মধ্যে পাঠের অভ্যাস গড়তে ২০১৫ সাল থেকে আরব রিডিং চ্যালেঞ্জ শুরু হয়।
আরব রিডিং চ্যালেঞ্জের ষষ্ঠ পর্বে অংশ নিয়েছে ৪৪টি দেশের প্রায় দুই কোটি ২২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী। এবারই প্রথম রেকর্ডসংখ্যক পাঠক এতে অংশ নেয়।
ভবিষ্যৎ প্রজন্ম আরব ভাষা সংরক্ষণের আশা ব্যক্ত করে শেখ মুহাম্মদ বিন রাশিদ বলেছেন, ‘আরব রিডিং চ্যালেঞ্জ আরব বিশ্বে সবচেয়ে বড় জ্ঞান আন্দোলন তৈরিতে সফল হয়েছে। তরুণদের মনকে আলোকিত করতে তাদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। আরব রিডিং চ্যালেঞ্জ আরব তরুণদের জন্য আমিরাতের সবচেয়ে বড় উপহার। কারণ বই পাঠ ভবিষ্যতের উন্নতির চাবিকাঠি।
আরব রিডিং চ্যালেঞ্জে প্রথম স্থান অধিকার করে এক লাখ দিরহাম পেয়েছে সাত বছর বয়সী সিরিয়ান শিক্ষার্থী শাম আল-বাকুর। দ্বিতীয় স্থান অধিকার করে এক লাখ দিরহাম পেয়েছে তিউনিসিয়ার আদম আল-কাসিমি এবং তৃতীয় হয়ে ৭০ হাজার দিরহার পেয়েছে জর্দানের রাশিদ আল-খাতিব।
এতে ২৬টি অনারব দেশ বাছাই করে কমিউনিটি চ্যাম্পিয়ন তিনজনকে পুরস্কার দেওয়া হয়েছে। এতে কমিউনিটি চ্যাম্পিয়ন হিসেবে এক লাখ দিরহার পুরস্কার পেয়েছে বেলজিয়ামে বসবাসকারী ফিলিস্তিনি শিক্ষার্থী নাদা আল সাতরি। দ্বিতীয় স্থান অধিকার করে ৭০ হাজার দিরহার পুরস্কার পেয়েছে মরক্কো বংশোদ্ভূত স্পেনের প্রতিনিধিত্বকারী মারোয়া আল-বাকরি এবং তৃতীয় স্থান অধিকার করে ৩০ হাজার দিরহার পুরস্কার পেয়েছে অস্ট্রিয়ার নাদিয়া আল বাহনাসি।
তা ছাড়া ৯২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসেবে মরক্কোর আল মোখতার গাজউলিত স্কুলকে ১০ লাখ দিরহাম, সৌদি আরবের আল-তারবিয়াহ আল-আহলিয়াহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পাঁচ লাখ দিরহাম এবং বাহরাইনের আল-আহেদ আল-জাহের উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে তিন লাখ দিরহাম সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
সূত্র : গালফ নিউজ