Sunday, June 7, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআগস্টে ব্রিকসের সদস্য হচ্ছে বাংলাদেশ

আগস্টে ব্রিকসের সদস্য হচ্ছে বাংলাদেশ

আগস্টে বাংলাদেশ ব্রিকস-এর সদস্য হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন৷ বুধবার জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক নিয়ে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি৷

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) যে ব্রিকস ব্যাংকটা করেছে, সম্প্রতি আমাদের তাতে গেস্ট হিসেবে দাওয়াত দিয়েছিল৷ ব্যাংকে আমাদের সদস্য করেছে৷ আগামীতে তারা ব্রিকসে আমাদের সদস্য করবে, আগস্ট মাসে ওদের সম্মেলন হবে৷ প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সেখানে যাবেন৷’

বর্তমানে ব্রিকস-এর সদস্য পাঁচ দেশ৷ একে আব্দুল মোমেন জানান, আগামীতে আরো আটটি দেশকে তারা সদস্য করবে৷ ‘তার মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে তারা দাওয়াত দিয়েছে৷’

ব্রিকস-এ যোগদানের সুবিধার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এটা আমাদের অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে৷ আমাদের তো টাকা পয়সা দরকার৷ সেদিক থেকে এটা ভালো হবে৷’

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ২০১৫ সালে ব্রিকসের নিজস্ব ব্যাংক যাত্রা শুরু করে৷ পরে অবশ্য এর নাম পাল্টে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক করা হয়েছে৷ ব্যাংকটির প্রতিষ্ঠাতা সদস্য পাঁচ দেশের পাশাপাশি ২০২১ সালে নতুন সদস্য হিসেবে যোগ দেয় বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিসর৷ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ব্যাংকের পাশাপাশি এখন ব্রিকস জোটেও যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ৷

এদিকে জেনেভার প্যালেইস ডি নেশন্সে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার সাথে বৈঠক করেছেন শেখ হাসিনা৷

একই স্থানে মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলার সাথেও বৈঠক করেন তিনি৷ প্রধানমন্ত্রী মাল্টাকে বাংলাদেশ থেকে ওষুধ ও তৈরি পোশাক আমদানির অনুরোধ করেন বলে পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে জানানো হয়৷

অন্যদিকে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট এবং মাল্টার প্রেসিডেন্টের সাথে আলাদা বৈঠকে প্রধানমন্ত্রী উভয়কে বাংলাদেশে তাদের মিশন খোলার অনুরোধ করেন৷ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের পাশপাশি তাদের সাথে রোহিঙ্গা সঙ্কট ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানান মোমেন৷
সূত্র : ডয়চে ভেলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য