ভারতের রাজধানী দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে ভয়াবহ একটি বিস্ফোরণ ঘটেছে। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫.২০-এ এই বিস্ফোরণ ঘটে।
দূতাবাসের মুখপাত্র গাই নির বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে স্থানীয় সময় ৫.২০-এর দিকে দূতাবাসের খুব কাছে একটি বিস্ফোরণ ঘটেছে।’
তিনি আরো বলেন, ‘কিন্তু আমরা জানি না ঠিক কী ঘটেছে। পুলিশ ও আমাদের নিরাপত্তা রক্ষীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।’
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, দূতাবাসের সকল কর্মী অক্ষত রয়েছেন। তারা ঘটনাটি তদন্তে স্থানীয় কর্মকর্তাদের সাথে সহযোগিতা করছেন।
কিভাবে বিস্ফোরণটি ঘটল বা কারা তা ঘটিয়েছে, তা জানা যায়নি। নগরীর দমকল বাহিনী এখন পর্যন্ত তাদের অনুসন্ধানে কিছু পায়নি বলে সিনিয়র দমকল কর্মকর্তা অতুল গার্গ ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন।
ভারতের একটি গণমাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ওই এলাকায় চিরুনি তল্লাশি চালিয়েও সন্দেহজনক কোনো কিছুই পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে।
এদিকে মঙ্গলবারই হুমকি ই-মেইল পেয়েছে আরবিআই। যাতে বলা হয়, মুম্বইয়ের ১১টি জায়গায় বোমা রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং আরো দুটি ব্যাঙ্ক। এমনই খবরকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এই পরিস্থিতিতেই মঙ্গলবার বিকেলে বিস্ফোরণের দাবি ইসরাইল দূতাবাসে বিস্ফেরণ ঘটল।
উল্লেখ্য, গত ২০২১ সালের জানুয়ারিতে দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে একটি ছোট বোমা বিস্ফোরিত হয়েছিল। তখন এক ইসরাইলি কর্মকর্তা এটিকে ‘সন্ত্রাসী কাজ’ হিসেবে অভিহিত করেছিলেন।
সূত্র : আল জাজিরা, এনডিটিভি এবং অন্যান্য
