জাতীয়করণের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকেরা। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
জাতীয়করণের দাবিতে গত কয়েকদিনের ধরে শিক্ষকরা বিক্ষোভ করছিলেন। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের নির্বাহী সদস্য রবিউল ইসলাম জানান, সরকার ২০২৭ সালের মধ্যে পর্যায়ক্রমে নিবন্ধিত সব ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণের আশ্বাস দিয়েছে। তিনি বলেন, সরকারের আশ্বাস পেয়ে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করছি।
বিক্ষোভকারী শিক্ষকরা জানান, অনেক ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা ঠিকমতো বেতন পান না। প্রায় এক হাজার ১০০ প্রতিষ্ঠানের শিক্ষকরা মাসে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভাতা পান। তাও অনেক ক্ষেত্রে অনিয়মিত।
বৈঠকের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম মাসুদুল হক জানান, আন্দোলনকারী শিক্ষকদের ছয় দফা দাবি শিক্ষা মন্ত্রণালয় মেনে নিয়েছে। এসময় শিক্ষকদের ওপর পুলিশের লাঠি চার্জের ঘটনায় মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ করেছে। এর আগে গত ১৯ জানুয়ারি থেকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে শিক্ষকরা জানিয়েছিলেন, ১৫ হাজার মাদরাসার ৭৫ হাজার শিক্ষক বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। প্রাথমিক বিদ্যালয়ের মতো সারা দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণের দাবিতে বছরের পর বছর আন্দোলন করে আসছেন শিক্ষকরা।
