Wednesday, April 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদেড় কোটির বেশি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডে ব্যয় হবে ১ লাখ ৩৪...

দেড় কোটির বেশি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডে ব্যয় হবে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড দিতে পাঁচ বছরে সরকারের ব্যয় হবে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা। এ কার্ডের আওতায় প্রতিটি নারীপ্রধান পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবে। প্রতিবছর উপকারভোগীর সংখ্যা বাড়ানো হবে এবং সে অনুযায়ী বাজেট বরাদ্দও বৃদ্ধি পাবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি ২০২৫–২৬ অর্থবছর থেকে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১০ মার্চ নারীপ্রধান পরিবারগুলোর জন্য এ প্রকল্পের উদ্বোধন করেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে গত সোমবার ফ্যামিলি কার্ড বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার ও সমাজকল্যাণসচিব মোহাম্মদ আবু ইউসুফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের শুধু সামাজিক সুরক্ষা কর্মসূচি নয়, বরং মানবিক ও দৃষ্টান্তমূলক উদ্যোগ। এ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় টাকা বাজেটে বরাদ্দ দেওয়া হবে। পরীক্ষামূলক কার্যক্রমে ইতিমধ্যে ৩৭ হাজারের বেশি কার্ড দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় কোথাও কেউ বাদ পড়েছে কি না, আবার কেউ ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আমরা চাই ভবিষ্যতে প্রকল্পটি আরও নির্ভুলভাবে পরিচালিত হোক।’

সমাজকল্যাণ মন্ত্রণালয় অর্থ বিভাগকে জানিয়েছে, চলতি অর্থবছরের জুন পর্যন্ত ৮৬ হাজার জনকে ফ্যামিলি কার্ড দিতে ৮৬ কোটি টাকা প্রয়োজন হবে। এর ৬৬ শতাংশ ব্যয় হবে সরাসরি নগদ সহায়তায় এবং ৩৪ শতাংশ ব্যয় হবে তথ্য সংগ্রহ, অনলাইন ব্যবস্থা ও কার্ড তৈরিতে। ইতিমধ্যে ৩৭ হাজার জনকে কার্ড দেওয়া হয়েছে এবং বাকি ৪৮ হাজার জনকে দেওয়ার প্রস্তুতি চলছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য অর্থের কোনো ঘাটতি হবে না। তবে প্রকল্পের শুরুর দিক এখনো। অনেক কাজ বাকি। চলমান কিছু কর্মসূচি আছে, যেগুলো সমন্বয় করার দরকার পড়তে পারে।’

বৈঠকে সমাজকল্যাণসচিব মোহাম্মদ আবু ইউসুফ পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় ২০২৬-২৭ থেকে ২০২৯-৩০ পর্যন্ত চার অর্থবছরের উপকারভোগী ও ব্যয়ের চিত্র তুলে ধরেন। সেখানে দেখা যায়, ২০২৬-২৭ অর্থবছরে ৪১ লাখ উপকারভোগীর জন্য ১৩ হাজার ৭৪০ কোটি, ২০২৭-২৮ অর্থবছরে ৮১ লাখের জন্য ২৬ হাজার ৭৩০ কোটি, ২০২৮-২৯ অর্থবছরে ১ কোটি ২১ লাখের জন্য ৩৯ হাজার ৯৩০ কোটি এবং ২০২৯-৩০ অর্থবছরে ১ কোটি ৬১ লাখ উপকারভোগীর জন্য ৫৩ হাজার ১৩০ কোটি টাকা প্রয়োজন হবে।

চলতি অর্থবছরসহ মোট পাঁচ বছরে ব্যয় দাঁড়াবে ১ লাখ ৩৩ হাজার ৬১৬ কোটি টাকা। এর মধ্যে জরিপ ও অন্যান্য কাজে ব্যয় হবে ১২ হাজার ৩৩০ কোটি এবং নগদ সহায়তায় ব্যয় হবে ১ লাখ ২১ হাজার ২৮৬ কোটি টাকা। বৈঠকে আরও জানানো হয়, পরিবারপ্রতি বছরে ৩০ হাজার টাকা ব্যয় হবে। ৪ কোটি ১০ লাখ পরিবারের মধ্যে জরিপ করে উপকারভোগী নির্বাচন করা হবে এবং বছরে কমপক্ষে এক কোটি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে।

সূত্র জানায়, কার্ডধারী নির্বাচনের ত্রুটি যাচাইয়ের দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এ জন্য তদারক কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। তৃণমূল পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ ও নতুন অফিসের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।

বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, বর্তমান সরকারের উল্লেখযোগ্য উদ্যোগগুলোর একটি ফ্যামিলি কার্ড। তবে এর অর্থায়নের উৎস নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের প্রকৃত উপকারভোগী নির্বাচনেও সরকারকে যত্নশীল থাকতে হবে। আশা করছি, এ কর্মসূচিটি বাস্তবায়নে সরকার অর্থের ঘাটতিতে পড়বে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য