সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পক্ষ থেকে ইসরাইলকে দেয়া স্বীকৃতি চুক্তি ‘আব্রাহাম অ্যাকর্ডস’কে বহাল রাখার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার ইউনাইটেড আরব আমিরাত ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রতিরক্ষা, অভ্যন্তরীণ ও পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ড. আলী রশিদ আল নুয়াইমি এ কথা জানিয়েছেন। দ্য ইউরোপিয়ান জেইউশ প্রেস এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নুয়াইমি বলেন যে ‘ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হলেই অনেকে আমাদের কাছে ছুটে আসেন। তারা জিজ্ঞেস করেন, আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে এখন আপনাদের ভাবনা কী? ওই চুক্তি থেকে কি আপনারা ফিরে আসবেন? তখন আমরা তাদের বলি, আব্রাহাম অ্যাকর্ডস আমাদের ভবিষ্যত। এটি শুধুই দুই সরকারের মধ্যকার একটি চুক্তি নয়। বরং এর দ্বারা এই অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির দ্বার উন্মোচিত হবে।’
তিনি এই চুক্তিকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেন, ‘এই চুক্তির মাধ্যমে দু’টি দেশের সম্পৃক্ততা বেড়েছে। এটা আমাদের দরকার। আমাদের স্বীকৃতি দিতেই হবে যে ইহুদিদের শেকড় নিউইয়র্ক কিংবা প্যারিসে নয়। তাদের শেকড় আমাদের এই অঞ্চলেই। তারাও আমাদের ইতিহাসের অংশ। তাই আমাদের ভবিষ্যতের অংশ তারাও হওয়া উচিত।’
সূত্র : জেরুজালেম পোস্ট
