Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeনিবন্ধজীবনীইমাম আহমদ ইবনে হাম্বল: শ্রেষ্ঠ ফকিহ, মুহাদ্দিস ও আপসহীনতার মিনার

ইমাম আহমদ ইবনে হাম্বল: শ্রেষ্ঠ ফকিহ, মুহাদ্দিস ও আপসহীনতার মিনার

ইসলামের ইতিহাসে যেসব মহান ব্যক্তি ধর্মীয় জ্ঞান, সংযম ও নিষ্ঠার মাধ্যমে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন, তাঁদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) অন্যতম। তিনি শুধু একজন প্রখ্যাত ইসলামি আইনবিদই ছিলেন না, বরং তাঁর জীবন ছিল ইমানি দৃঢ়তা, সহিষ্ণুতা ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। তাঁর জীবন ও কর্ম ইসলামি জ্ঞানচর্চা এবং ধর্মীয় নীতির ভিত্তি রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শৈশব

পূর্ণ নাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল হেলাল ইবনে আসাদ আশ শাইবানি। বনু শাইবান ইবনে যুহল আরবের প্রসিদ্ধ গোত্র। তিনি ছিলেন মূলত মার্ভ শহরের। তাঁর বাবা মার্ভ শহরে সেনাবাহিনীতে কাজ করতেন। অল্প বয়সেই তাঁর মৃত্যু হয়। আহমদ ইবনে হাম্বল গর্ভে থাকাবস্থায় তাঁর মা মার্ভ থেকে বের হন। ৭৮০ খ্রিষ্টাব্দে (১৬৪ হিজরি) ইরাকের বাগদাদে ইমাম আহমদ জন্মগ্রহণ করেন। বাবাকে না দেখা ইবনে হাম্বল মায়ের কাছে বেড়ে ওঠেন। এতিম অবস্থায় পালিত হন।

শিক্ষা

ইমাম আহমদ অল্প বয়স থেকেই জ্ঞানার্জনের প্রতি গভীর আগ্রহ দেখান। চৌদ্দ বছর বয়স থেকে তিনি মক্তবে যেতে শুরু করেন। পনেরো বছর বয়স থেকে শুরু হয় তাঁর হাদিস শেখার পালা। সে বছর ইমাম মালেক ও হাম্মাদ বিন যায়েদ ইন্তিকাল করেন। তিনি বাগদাদের প্রখ্যাত আলেমদের কাছে হাদিস, ফিকহ ও কোরআন অধ্যয়ন শুরু করেন। শিক্ষাজীবনে হুশাইম বিন বশির, আব্দুল্লাহ ইবনুল মোবারক, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফেয়ি (রহ.)-এর মতো মহান ব্যক্তিদের সান্নিধ্য লাভ করেন আহমদ। বিশেষত, ইমাম শাফেয়ির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ এবং তিনি ইমাম শাফেয়ির কাছ থেকে ফিকহ ও উসুলে ফিকহের গভীর জ্ঞান অর্জন করেন।

সমকালীনদের দৃষ্টিতে

ইমাম আহমদের শ্রেষ্ঠ শিক্ষকদের একজন ইমাম শাফেয়ি (রহ.)। তিনি তাঁর ব্যাপারে মন্তব্য করেন, ‘আহমদ ইবনে হাম্বল মোট ৮ বিষয়ের ইমাম। তিনি হাদিসশাস্ত্রের বিজ্ঞ পণ্ডিত। ফিকহেরও ইমাম। আরবি ভাষায়ও সেরা শাস্ত্রজ্ঞ। কোরআন বিষয়ের পণ্ডিত। দারিদ্র্যের জগতের ইমাম। দুনিয়াবিমুখতায় তাঁর জুড়ি মেলা ভার। পরহেজগারি ও সতর্কতায়ও শ্রেষ্ঠ। সুন্নাহ বিষয়ে তাঁর নেতৃত্ব তো দুনিয়াবিখ্যাত।’ (তাবাকাতুল হানাবিলা: ১ / ১০)

ইমাম শাফেয়ি আরও বলেন, ‘আমি বাগদাদ ছেড়ে চলে যাচ্ছি। বাগদাদে আমার রেখে যাওয়া ছাত্রদের মধ্যে আহমদ ইবনে হাম্বলের চেয়ে বড় কোনো আইনজ্ঞ ও খোদাভীরু নেই।’

হাদিস সংকলন

ইমাম আহমদ ইসলামি জ্ঞানচর্চায় সবচেয়ে বড় অবদান রেখেছেন হাদিস সংকলনের মাধ্যমে। তাঁর সংকলিত হাদিসগ্রন্থ মুসনাদে আহমদ হাদিসশাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকলন। এই গ্রন্থে তিনি প্রায় ৩০ হাজার হাদিস ২৮০ জন মুহাদ্দিসের সূত্রে সংকলন করেছেন, যা ইসলামি আইন ও ধর্মতত্ত্বের একটি প্রামাণ্য উৎস হিসেবে স্বীকৃত। তাঁর এ কাজ হাদিস গবেষণায় নতুন মাত্রা যোগ করে এবং পরবর্তী প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হয়ে ওঠে।

আপসহীনতা

ইমাম আহমদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, ধর্মীয় নীতিতে তাঁর অবিচলতা। আব্বাসীয় খলিফা আল-মামুনের সময় ‘খালকুল কোরআন’ (কোরআন সৃষ্ট নাকি অসৃষ্ট) নামক বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। ইমাম আহমদ এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেন যে, ‘কোরআন আল্লাহর বাণী এবং তা অসৃষ্ট।’ এ জন্য সমকালীন সব বাতিলপন্থীদের বিশেষত মুতাজিলাদের বিরুদ্ধে তিনি মাঠে অবতীর্ণ হন। স্বয়ং খলিফা মুতাসিমের সামনেই একাধিক বিতর্কে মুতাজিলাদের পরাস্ত করেন। তবে মুতাজিলাদের পক্ষে সরকারি আনুকূল্য থাকায় তাঁর এই অবস্থানের কারণে খলিফা মুতাসিম তাঁকে কারারুদ্ধ করেন। সেখানে অমানুষিক নির্যাতনের শিকার হতে হয় ইমাম আহমদকে। তবে কখনও তিনি নিজ বিশ্বাস থেকে বিচ্যুত হননি। তাঁর এই অটল অবস্থান ও আপসহীন মনোভাব তাঁকে ইসলামের ইতিহাসে একজন সত্যনিষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে।

হাম্বলি মাজহাব

ইমাম আহমদ ইসলামি আইনের চতুর্থ প্রধান মাজহাব ‘হাম্বলি মাজহাব’–এর প্রতিষ্ঠাতা। তাঁর মাজহাব কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের ইজমা ও কিয়াসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাঁর মাজহাবের বিশেষত্ব হলো, এটি হাদিস ও সুন্নাহকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং যুক্তি ও কিয়াসের ব্যবহার সীমিত রাখে। বর্তমানে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন স্থানে এই মাজহাব অনুসরণ করা হয়।

ইমাম আহমদ ৮৫৫ খ্রিষ্টাব্দে (২৪১ হিজরি) বাগদাদে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যু ইসলামি জগতে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হয়। তাঁর রেখে যাওয়া জ্ঞান, গ্রন্থাবলি ও আদর্শ পরবর্তী প্রজন্মের জন্য পথপ্রদর্শকের ভূমিকা পালন করে। তাঁর শিষ্যরা তাঁর শিক্ষা ও আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেন, যা আজও মুসলিম উম্মাহর জন্য প্রেরণার উৎস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য