আফগানিস্তান থেকে গাযায় ৫৩০ টন মানবিক সহায়তা পাঠানো হয়েছে, জানিয়েছে কাবুলের তথ্য মন্ত্রণালয়।
বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, মিশরে আফগান অন্তর্বর্তী সরকারের একটি প্রতিনিধিদল এই সহায়তা সামগ্রী প্রস্তুত ও ক্রয় করে, যা রাফাহ ক্রসিং দিয়ে গাজায় পৌঁছেছে। প্রায় ২২ হাজার পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হবে।
পাঠানো সহায়তার মধ্যে রয়েছে খাদ্য, পোশাকসহ বিভিন্ন জরুরি সামগ্রী, যার মোট মূল্য প্রায় ৫ লাখ মার্কিন ডলার।
ফিলিস্তিন ইস্যুতে নিজেদের “দৃঢ়” অবস্থান পুনর্ব্যক্ত করেছে কাবুল। তারা বলেছে, “ঐতিহাসিক বাস্তবতা ও ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের ভিত্তিতেই” এই সংকটের সমাধান হতে হবে।
