লেবাননের পার্লামেন্টের স্পিকার জাতিসঙ্ঘের রেজোলিউশন-১৭০১ ভাঙার দায়ে অভিযুক্ত করেছে ইসরাইলকে। ২০০৬ সালে সংগঠিত লেবানন যুদ্ধের সমাধান করার উদ্দেশে জাতিসঙ্ঘ এ আইন প্রণয়ন করে।
তিনি আরো বলেছেন, এই আইন ভঙ্গ করেই ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্পিকার নাবিহ বেরি বলেছেন, ‘ইসরাইল প্রতিদিন গাজায় ক্রমবর্ধমানভাবে আবাসিক এলাকা, বেসামরিক মানুষ এমনকি অ্যাম্বুলেন্স এবং সাংবাদিকদেরও লক্ষ্যবস্তু করছে।’
প্রতিবেদনে আরো বলা হয়, দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি যোগ করেছেন যে- লেবানন যখন ‘স্থায়ী স্থিতিশীলতা এবং একটি স্থায়ী শান্তিপূর্ণ সমাধান’ চেয়েছিল, তখন ইসরাইল ‘লেবাননের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে আন্তর্জাতিক দূতদের মাধ্যমে সতর্কবার্তা পাচ্ছিল’।
এতে আরো বলা হয়, ৮ অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তে অব্যাহত সংঘর্ষের ফলে কয়েক ডজন লেবানিজ বেসামরিক নাগরিক এবং ১৪০ জনেরও বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে।
এদিকে, গত ৭ অক্টোবর ইসরাইলের সাথে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৩ হাজার ২১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তিন মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে গাজায় মোট ৫৯ হাজার ১৬৭ জন আহত হয়েছে।
সূত্র : আল-জাজিরা
