স্থানীয় ও আঞ্চলিক ইসলামী অর্থনীতিতে রাজকীয় ওমান অগ্রণী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছে মালয়েশিয়ার ইসলামী অর্থনীতিবিষয়ক প্রতিষ্ঠান রেডমানি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের ইসলামী আর্থিক পরিষেবা ওমানের সব আর্থিক খাত ও পণ্যগুলোকে অন্তর্ভুক্ত করেছে এবং তার ক্রমোন্নয়ন অব্যাহত আছে। তা সম্ভব হয়েছে একটি কঠোর নিয়ন্ত্রক পরিকাঠামো, ওমান সরকারের সহায়তার আশ্বাসের প্রতি ব্যবসায়ী গোষ্ঠীর আস্থা, উন্নয়ন ও অভিজ্ঞতার জন্য বাজার উন্মুক্ত করে দেওয়া ইত্যাদি কারণে।
ওমানের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত ব্যাংকিং ও মুদ্রা উন্নয়ন পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, গত আর্থিক বছরে ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ৯.৬ শতাংশ এবং এ থেকে সরকার ৬.২ বিলিয়ন ওমানি রিয়াল রাজস্ব লাভ করেছে।
২০২২ সালের জুনের শেষ নাগাদ ব্যাংকিং খাতের মূলধনের পরিমাণ ১৫.৯ শতাংশে উন্নীত হয়েছে। এ সময় ইসলামী ব্যাংকগুলো ৫.১ বিলিয়ন ওমানি রিয়াল রাজস্ব প্রদান করেছে, যা গত বছরের তুলনায় ১১.২ শতাংশ বেশি। ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত ১২.৮ শতাংশ বেড়ে ৪.৭ বিলিয়ন ওমানি রিয়ালে উন্নীত হয়েছে।
রেডমানির প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোর ভেতর ইসলামী অর্থনীতিতে ওমানের অভিজ্ঞতা তুলনামূলক কম। তবু দেশটির অগ্রযাত্রা আশাব্যঞ্জক। (বিগত বছরের হিসাব অনুসারে) ওমানের ব্যাংকিং খাতের ১৫.২ শতাংশ মোট মূলধনের ইসলামী ব্যাংকিং খাতের মূলধনের পরিমাণ ৫.৯ বিলিয়ন ওমানি রিয়াল।
চলতি মাসের শুরুর দিকে সিবিও প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির প্রভাব সত্ত্বেও রাজকীয় ওমানের দুটি ইসলামী ব্যাংক ও পাঁচটি ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি নিয়মিতই দুই সংখ্যার ওপরে ছিল।
সূত্র : ওমান অবজারভার
