সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। কমিটির প্রধান নাসিমুল গণি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের প্রাথমিকভাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছিল।
তবে আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছুক্ষণ আগে আরও একদিনের সময় চেয়ে নিয়েছি। কারণ কিছু টেস্ট সোমবার রাতে হবে। সেগুলোর রিপোর্ট আসলে মঙ্গলবার আমরা প্রাথমিক প্রতিবেদন দিতে পারব। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিনিয়র সচিব বলেন, আপনারা জানেন, এখানে একসঙ্গে অনেকগুলো দল কাজ করছে। সেনাবাহিনীর টিম, বুয়েটের টিম, পিডব্লিউটির লোকেরা কাজ করছে, পুলিশ ও আইসিটির লোকেরাও কাজ করছে। আমরা সবাই টিম হয়ে কাজ করছি। তাদের কাছ থেকে আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা করে একটা কনক্লুশনে আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কী বলা যায়। সেটা করতে গিয়ে আমরা দেখতে পারছি কিছু জিনিসের ল্যাব টেস্ট করা হয়েছে। কিছু আলামত নেওয়া হয়েছে সেগুলোও টেস্ট করা হচ্ছে। সেগুলো হলে আমরা আবার মঙ্গলবার বসব। তখন আমরা একটা প্রাথমিক ধারণা নিতে পারব।
তাহলে কি মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন? এমন প্রশ্নের জবাবে নাসিমুল গণি বলেন, আমরা আশা করছি মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারব। যদি পারি তার আগেই দিয়ে দেবো। তবে আমরা বিকেল ৫টা পর্যন্ত সময় নিয়েছি। যেসব আলামত আমাদের দেশে পরীক্ষার সুযোগ নেই সেগুলো বিদেশে পাঠানো হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগেই বলেছি, কিছু আলামত পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে পাঠানো হবে। এটা আমাদের আগেই সিদ্ধান্ত নেওয়া ছিল। যেখানে এসব পরীক্ষার সুযোগ আছে সেখানেই পাঠানো হবে। প্রাথমিকভাবে আপনারা কী দেখতে পেলেন জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের প্রশ্ন এখন করবেন না, আমি বলতে পারব না।
চূড়ান্ত প্রতিবেদন কত দিনের মধ্যে দেয়া হবে-এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিদেশে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য আলামত যাবে এবং আসবে, এতে কিছু সময় লাগবে। তবে যত দ্রুত করা সম্ভব আমরা সেটা করব। সিসিটিভি ফুটেজে কোনো কিছুর আলামত পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা এই মুহূর্তে আর কোনো প্রশ্নের জবাব দিচ্ছি না। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে সে সময় কিছু বলার প্রয়োজন হলে বলা হবে।
চারটি ফ্লোরের ২০০ কক্ষ ক্ষতিগ্রস্ত: সচিবালয়ে আগুনে ক্ষয়ক্ষতি তুলে ধরেছেন গণপূর্তের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া। তিনি জানান, অগ্নিকা-ে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি ফ্লোরের প্রায় ২০০ কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি সংস্কার করে ব্যবহার উপযোগী করা যাবে কি না, সেটি পরীক্ষা-নিরীক্ষা করার পরই বোঝা যাবে। তবে এ ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর স্পষ্ট হবে সংস্কার সম্ভব কিনা। সংস্কার করা সম্ভব হলে সংস্কার কাজে কতদিন লাগতে পারে, সেটিও তদন্ত রিপোর্টের ওপর নির্ভর করবে। ভয়াবহ অগ্নিকা-ে পুড়ে যাওয়া সচিবালয়ের ৭ নম্বর ভবন মেরামত করে ব্যবহার উপযোগী করা সম্ভব বলে ধারণা করছেন সচিবালয়ে অবস্থিত ইডেন ভবন গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া। তিনি বলেন, বুধবার আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমরা গণপূর্তের লোকজন এসেছিলাম, আমাদের খুব বেশি দেরি হয়নি। ফায়ার সার্ভিসকে আমরা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। ভবনটিতে মোটামুটি ছয়টি মন্ত্রণালয় রয়েছে। প্রতিটি ফ্লোরে ৪০ থেকে ৫০টি করে কক্ষ রয়েছে। চারটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও পরিপূর্ণ কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভবনটি ব্যবহার উপযোগী থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উচ্চ পর্যায়ে অনেক টিম এ পর্যন্ত তদন্ত করেছে। বিশেষজ্ঞ টিম যে মতামত দেবে সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, ভবনটি মেরামত করা যাবে। বাকিটা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ভবনটি গণপূর্তের কাছে হস্তান্তর করেনি জানিয়ে আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, যখন অ্যাসেসমেন্ট করে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দেবে তখন আমরা বুঝতে পারব এটি সংস্কার করতে কতদিন লাগবে। অগ্নিকা-ের ক্ষেত্রে গণপূর্ত বিভাগের কোনো গাফিলতি বা অবহেলা ছিল না বলে দাবি করেন এ প্রকৌশলী।
সচিবালয়ে আগুনের পর সরানো হলো পুলিশের ডিসি তানভীরকে: সচিবালয়ে নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা ডিসি এম তানভীর আহমেদকে ভয়াবহ অগ্নিকা-ের পর সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করে একটি আদেশ জারি হয়েছে। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ বিল্লাল হোসেনকে। ২৯ ডিসেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। ঘটনার রাতে ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় সোয়ানুর জামান নয়ন নামে এক ফায়ার ফাইটার নিহত হন। আগুন লাগার পর সচিবালয়ের সামনের রাস্তা পুলিশ বন্ধ না করার কারণে ফায়ার ফাইটার নয়নের মৃত্যুর অভিযোগ ওঠে। এই অভিযোগের তিনদিন পর সচিবালয়ে নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা ডিসি এম তানভীর আহমেদকে সরানো হলো। গত ২৫ ডিসেম্বর বুধবার দিনগত রাত ২টার কিছু আগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ১০ ঘণ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ফায়ার সার্ভিস বলছে, ভবনের ৬, ৭, ৮ ও ৯ তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে।
