ভারতে লোকসভা নির্বাচনের ফল গণনা চলছে। দিনশেষে কার গলায় উঠবে জয়ের মালা, ক্ষমতাসীন এনডিএ নাকি বিরোধী ইন্ডিয়া জোট? এ প্রশ্নে টেলিভিশনের পর্দায় চোখ আটকে আছে কোটি কোটি মানুষের। ভারত তো অবশ্যই, বিশ্বজুড়ে অসংখ্য মানুষ তাকিয়ে আছে এর দিকে। আজ সকালে ভোট গণনা শুরু হওয়ার পর প্রাথমিকভাবে যে ফল পাওয়া যাচ্ছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোট এনডিএ এগিয়ে আছে। যেহেতু ভোট গণনা চলছে, তাই এ হিসাব দ্রুত পরিবর্তন হচ্ছে। এই মুহূর্তে এনডিএ জোট এগিয়ে আছে ২৭৯ আসনে। রাহুল গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২১২ আসনে। এখনও ফল গণনার অনেক বাকি। ফলে এই হিসাবের ওপর ভিত্তি করে কোনো কথাই বলা যায় না, কে আসবেন ক্ষমতায়। মোদিই কি হ্যাটট্রিক করবেন, নাকি অন্য কেউ নতুন করে ক্ষমতায় আসবেন! এ নিয়ে এক শ্বাসরুদ্ধ প্রতীক্ষা সবার।
ওদিকে আনন্দবাজার পত্রিকার ডিজিটাল ভার্সন জানিয়েছে গান্ধী পরিবারের ঘাঁটি বলে পরিচিত রায়বেরেলিতে এগিয়ে আছেন গান্ধী পরিবারের রাজনৈতিক উত্তরসূরি রাহুল গান্ধী।
