সৌদি আরবের সর্বোচ্চ ‘উলামা পরিষদের সাবেক সদস্য, মাসজিদুল হারাম ও মাসজিদে নাবাউয়ীর সম্মানিত মুদার্রিস, প্রখ্যাত মুহাদ্দিস, ফাক্বীহ ও উসূলবিদ, আশ-শাইখুল ‘আল্লামাহ সালিহ বিন ‘আব্দুল্লাহ বিন হামাদ আল-‘উসাইমী (হাফিযাহুল্লাহ) বলেছেন—
.
❝সুতরাং হে মুমিনগণ, বেশি বেশি ভালোকাজ করে এবং পাপাচারিতা থেকে বিরত থেকে আপনারা আপনাদের মাসকে গৌরবান্বিত করুন।মনে রাখবেন, বেশি বেশি ভালোকাজ না করে এবং পাপাচারিতায় অটল থেকে আমাদের এ মাসকে কেউ বরণ করবে, তা বড়োই বঞ্চনার। নিশ্চয় এ কাজ সে ব্যক্তিই করে থাকে, যার প্রবৃত্তি তাকে পরাভূত করেছে এবং শয়তান যাকে আহ্বান করেছে, আর সে শয়তানকে সন্তুষ্ট করে তার আনুগত্যে লিপ্ত হয়েছে। বেঁচে থাকুন প্রবৃত্তি ও শয়তানের অনুসরণ থেকে। জোর প্রচেষ্টা চালান রহমানের আনুগত্যে।
.
আপনাদের পুণ্যকাজ বাড়িয়ে দিন, আর কমিয়ে দিন আপনাদের পাপ। আপনাদের উদ্দেশ্যে আল্লাহ প্রদত্ত আহ্বানকে স্মরণ করুন প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে। রমজান মাসে এ কাজের গুরুত্ব আরও বেশি। মহান আল্লাহ বলেছেন, “ওহে যারা ইমান এনেছ, তোমাদের দৌলত আর সন্তানসন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদের ব্যতিব্যস্ত করে না ফেলে। যারা তা করে, প্রকৃতপ্রস্তাবে তারাই তো ক্ষতিগ্রস্ত। সেই সময়ের আগেই আমার দেওয়া জীবিকা থেকে দান করে নাও, যখন তোমাদের কারও কাছে মৃত্যু উপস্থিত হয়; আর সে বলে, হে প্রভু, সামান্য সময়ের জন্য যদি অবকাশ দিতেন, তাহলে আমি দান করে নেককারদের মধ্যে শামিল হয়ে যেতাম। আল্লাহ কখনোই তাকে অবকাশ দিবেন না, যার নির্ধারিত মেয়াদকাল চলে এসেছে। তোমরা যা কর, সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত।” [সুরা মুনাফিকুন: ৯-১১]
.
অখণ্ড মনোযোগ দিয়ে আয়াতগুলো শুনুন, অন্তরে জাগরিত করুন আয়াতগুলোর মর্মার্থ। ❛এ রমজানে এমনভাবে আমল করুন, যেন এর পরে আর আপনারা বেঁচে থাকবেন না।❜ প্রকৃতপক্ষে যে নিজেকে বলেছে, রমাজানের পরেই সে পরকাল যাত্রা করবে, সে বেশি বেশি ভালোকাজ করবে, কমিয়ে দেবে পাপাচারিতা। আর যে স্বীয় অন্তরকে জাগরিত করেনি, মহান আল্লাহর সন্তুষ্টি অন্বেষণে চেষ্টাপ্রচেষ্টা করেনি, তাকে মূলত তার প্রবৃত্তি ও শয়তান প্রতারিত করেছে, এবং সে হয়ে পড়েছে তাদের কাছে বন্দী।
.
অতএব নিজেকে বাঁচিয়ে নিন, বন্দোবস্ত করুন নিজের নাজাতের। জলদি করুন, সত্বর করুন। ❛আজ তো শুধুই আমল, কোনো হিসেব নেই। আর আগামীদিন তো শুধুই হিসেব, কোনো আমল নেই।❜ ইয়া আল্লাহ, আমাদের অন্তরে তাকওয়া দান করুন, অন্তরকে পরিশুদ্ধ করুন। বস্তুত আপনি তো সর্বশ্রেষ্ঠ পরিশুদ্ধকারী। আপনিই অন্তরের মালিক ও অভিভাবক। ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে যাচ্ঞা করছি হেদায়াত, তাকওয়া, সংযম ও অমুখাপেক্ষিতা।
.
ইয়া আল্লাহ, আপনি আমাদের জন্য রমজান মাসে বরকত দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জন্য রমজান মাসে বরকত দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জন্য রমজান মাসে বরকত দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে রমজান মাসে ভালোকাজ সম্পাদন, বেশি বেশি পুণ্যকর্ম বাস্তবায়ন, ও পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। ইয়া আল্লাহ, সর্বোত্তম অবস্থায় বাঁচিয়ে রাখুন, আর সর্বোত্তম অবস্থাতেই মৃত্যুদান করুন। ইয়া আল্লাহ, আপনি রমজানের শুরুতে যেন আমাদের পৌঁছিয়েছেন, তেমনি রমজানের শেষ পর্যন্ত পৌঁছিয়ে দিন। আর আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, যাদের অন্তরে মোহরাঙ্কিত করা হয় কামিয়াবি এবং জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি।❞·
উৎস: https://youtu.be/wi4NnUN_2yw (অডিয়ো ক্লিপ)।
.
অনুবাদক: মুহাম্মাদ ‘আবদুল্লাহ মৃধা fb.com/SunniSalafiAthari
