রাজধানীর যাত্রাবাড়ী থানার ধার্মিকপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে একটি গ্যারেজে রাখা ১৪টি শীতাতপনিয়ন্ত্রিত যাত্রীবাহী বাস পুড়ে গেছে। গতকাল সোমবার রাতে লন্ডন এক্সপ্রেস লিমিটেডের যাত্রীবাহী বাসের গ্যারেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে গ্যারেজে পার্কিং করে রাখা বাসগুলো আগুনে পুড়ে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে গ্যারেজের নিরাপত্তা প্রহরীকে খুঁজে পাওয়া যায়নি।
কয়েক প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ীর ধার্মিকপাড়া এলাকায় ওই গ্যারেজের পেছনে দক্ষিণ দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। একে একে পুড়তে থাকে ওই ১৪টি বাস। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গ্যারেজের ১৪টি বাস সম্পূর্ণ পুড়ে যায়। লন্ডন এক্সপ্রেস লিমিটেডের বাসটি ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে চলাচল করত।
সরেজমিনে দেখা গেছে, কোনাবাড়ী থেকে মানিক দিয়া সড়কের পাশে চারদিকে টিনের বেড়া দিয়ে সীমানা দেওয়া গ্যারেজের ভেতরে ‘লন্ডন এক্সপ্রেস লিমিটেডের’ শীতাতপনিয়ন্ত্রিত ১৪টি যাত্রীবাহী বাস পার্ক করে রাখা হয়েছিল। আগুনে পেছনের সারির ছয়টি ও মাঝখানের সারির পাঁচটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। এই দুই সারির সামনে ফটকের সামনে তিনটি গাড়ি পুড়ে গেলেও ১১টির চেয়ে একটু কম পুড়েছে। গ্যারেজের ভেতরে গাড়ির তিনটি ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা গেছে। টিনের বেড়ার পাশ দিয়ে বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখা গেছে। তবে গ্যারেজের ভেতরের নিরাপত্তার রুমটি অক্ষত ছিল। সেখানে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের বোতল, চুলাসহ বিভিন্ন মালামাল অক্ষত ছিল।
