Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরটিভি লাইভে হঠাৎ অসুস্থ এরদোগান, তুর্কি প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নানা গুজব

টিভি লাইভে হঠাৎ অসুস্থ এরদোগান, তুর্কি প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নানা গুজব

তুরস্কে একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার সময় অসুস্থ হয়ে পড়ার পর নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। মঙ্গলবার সন্ধ্যায় সাক্ষাৎকারের মধ্যে এরদোগান অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠানটির সম্প্রচার হঠাৎ করে বন্ধ হয়ে যায়।

তবে ২০ মিনিট বিরতির পর অনুষ্ঠানটি শুরু হলে এরদোগান জানান, যে পাকস্থলীর ফ্লুয়ের কারণে তিনি সাময়িকভাবে অসুস্থ বোধ করছেন।

পরে তিনি সামাজিক যোগাযোগামাধ্যমে টুইটারে জানান, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ আমি বিশ্রাম করব। আগামীকাল থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব।’

৬৯ বছর বয়সী এরদোগান তার রাজনৈতিক জীবনের সবচেয়ে প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু ছয়টি দলের একটি জোটের নেতা হিসেবে নির্বাচন করছেন।

প্রেসিডেন্ট এরদোগান অসুস্থ হওয়ার পর অনেক নেতার মতো তিনিও তার দ্রুত সুস্থতা কামনা করেন।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচা বৃহস্পতিবার জানান যে প্রেসিডেন্টের শরীরের অবস্থা ভালো। এরদোগান যত দ্রুত সম্ভব তার পূর্ব নির্ধারিত নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।

প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে ‘গুজব’
মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনে লাইভ সাক্ষাৎকার দেয়ার সময় এরদোগান যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তার পাশে বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সরকারের সমর্থক হিসেবে মনে করা টেলিভিশন চ্যানেল উলকে টিভি ও কানাল সেভেন এরদোগানের সাক্ষাৎকারটি সরাসরি সম্প্রচার করছিল। একজন সাংবাদিক একটি প্রশ্ন করার পরপরই ক্যামেরায় তার চিন্তিত মুখ দেখা যায়। এরপরই টেলিভিশন স্ক্রিন অন্ধকার হয়ে যায়।

এরদোগান অবশ্য কিছুক্ষণের মধ্যেই টিভিতে এসে ব্যাখ্যা দেন যে অসুস্থ থাকায় তিনি সূচি বাতিল করতে চেয়েছিলেন।

পরে তিনি দুঃখপ্রকাশ করে বলেন, ‘ব্যস্ততার মধ্যে আমাদের অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।’

এ অনুষ্ঠানের কয়েক ঘণ্টার মধ্যেই তুরস্কের বাইরের কয়েকটি সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয় যে প্রেসিডেন্ট এরদোগানের হার্ট অ্যাটাক হয়েছে।

তবে এরদোগানের যোগাযোগ বিভাগের প্রধান ফেপাহরেতিন আলতুন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে এসব ‘ভিত্তিহীন দাবি অস্বীকার’ করে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছেন। যেসব অ্যাকাউন্ট থেকে ‘গুজব’ ছড়ানো হয়েছে, সেসব অ্যাকাউন্টের স্ক্রিনশটও প্রকাশ করেছেন তিনি।

এসব গুজবের জবাব দিয়ে তিনি টুইটারে জানান, যত মিথ্যা তথ্যই ছড়ানো হোক, তুরস্কের মানুষ ১৪ মে-এর নির্বাচনে তাদের নেতা এরদোগানের সাথে থাকবে এবং তাদের দল বিজয়ী হবে।’

গত ২১ বছর ধরে এরদোগান ক্ষমতায় আছেন। এই প্রথমবার টিভিতে লাইভ ইন্টারভিউতে তার অসুস্থ হওয়ার মতো ঘটনা ঘটলো।

এর আগে ২০১১ ও ২০১২ সালে তার পাকস্থলীতে অস্ত্রোপচার হয়। ওই সময়ও তার স্বাস্থ্য নিয়ে নানা কানাঘুষা তৈরি হয়েছিল।

অসুস্থ থাকায় স্থগিত প্রচারণা

নির্বাচন নিয়ে সবশেষ জরিপের হিসাব অনুযায়ী এ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট এরদোগানের প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলুর জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে ১৪ মে। প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে এর দুই সপ্তাহ পর।

বুধবার আনাতোলিয়ায় তিনটি নির্বাচনী জনসভায় এরদোগানের যোগ দেয়ার কথা থাকেলেও তিনি সেগুলো বাতিল করেন।

তিনি জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় থাকছেন।

এরপর তিনি বৃহস্পতিবারের নির্ধারিত কর্মসূচিও বাতিল করেন, যার মধ্যে ভূমধ্যসাগর উপকূলে আক্কুইয়ু গ্রামে তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানও ছিল।

ওই অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও অনলাইনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে স্থাপনাটির উদ্বোধন করেন তিনি। সেই অনুষ্ঠানে এরদোগানকে ক্লান্ত ও ফ্যাকাসে দেখাচ্ছিল।

আক্কুইয়ুর চারটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সবগুলোর বেশিরভাগ মালিকানাই রাশিয়ান প্রতিষ্ঠান রোসাটমের। এগুলো তৈরি করতে বহু বছর লেগেছে।

নির্বাচনের কথা মাথায় রেখেই এই পাওয়ার প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানটি এই সময় রাখা হয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে দুই প্রেসিডেন্ট টেলিফোনে কথা বলেন। মস্কোর পক্ষ থেকে বলা হয় যে তারা দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গভীর করতে আগ্রহী।

তুরস্কের সংসদ সদস্য নির্ধারণ ও প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হবে ১৪ মে। এই ধাপে যদি কোনো প্রেসিডেন্ট প্রার্থী অর্ধেকের বেশি ভোট না পায়, তাহলে দু’সপ্তাহ পর দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে।

তুরস্কের বাইরে থাকা ৩৩ লাখ তুর্কি নাগরিক এরই মধ্যে ভোট দেয়া শুরু করেছে। তাদের ভোট চলবে ৯ মে পর্যন্ত।

প্রেসিডেন্ট এরদোগানের প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু ও তার জোট সদস্যরা নির্বাচন জিতলে সংসদীয় গণতন্ত্র পদ্ধতি ফিরিয়ে আনাসহ এরদোগানের সময়ের অনেক নিয়মই পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য