মহানবী হজরত মোহাম্মদ সা:-এর হাতে তৈরি কুবা মসজিদের পরিধি দশগুণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
আল আরাবিয়ার খবরে বলা হয়, কাবা মসজিদটি অবস্থিত মদিনা শহরে।এটি তৈরি করেছিলেন হজরত মোহাম্মদ সা:। এটিই ইসলামের ইতিহাসে তৈরিকৃত প্রথম মসজিদ।
বর্তমানে মসজিদটির দৈর্ঘ্য প্রায় পাঁচ হাজার মিটার। এখন এটির পরিধি বাড়িয়ে ৫০ হাজার মিটার করা হবে। মসজিদটির ইতিহাসে এর আগে এত বড় উন্নয়ন করা হয়নি।
পরিধি বাড়ানোর কাজ শেষ হলে এ মসজিদে একসাথে ৬৬ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।
মদিনায় অবস্থিত কুবা মসজিদটি হজরত মোহাম্মদ সা:-এর সমাধিস্থল থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত।
ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ ও মহানবীর হাতে তৈরি হওয়ায় এ মসজিদে বিদেশ ও সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর অনেক দর্শনার্থী ও মুসলমান নামাজ আদায় করতে আসেন।
প্রিন্স সালমান ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিদের সুবিধার জন্যই মসজিদটির পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
