উগ্রবাদের সাথে সম্পৃক্তার অভিযোগে সম্প্রতি ভারতের আসাম রাজ্যে গুঁড়িয়ে দেয়া হয়েছে একটি মাদরাসা। তা নিয়ে বিতর্কের রেশ না কাটতেই ফের হুঙ্কার দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তার স্পষ্ট বার্তা, কোনো মাদরাসায় দেশবিরোধী কাজ হলে সেটিকে গুঁড়িয়ে দেয়া হবে।
বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হিমন্ত বলেন, ‘মাদরাসাগুলোকে ধ্বংস করা কখনোই আমাদের উদ্দেশ্য নয়। তবে সেখানে যাতে উগ্রবাদী কার্যকলাপ না হয় সেদিকে আমরা নজর রাখছি। তবে, আমরা যদি নির্দিষ্টভাবে তথ্য পাই যে মাদরাসার আড়ালে কোনো ভারতবিরোধী কার্যকলাপ হচ্ছে, সেক্ষেত্রে সেগুলোকে ভেঙে ফেলা হবে।’
বলে রাখা ভালো, গত মঙ্গলবার আসামের বোঙ্গাইগাঁওয়ে বুলডোজারের সাহায্যে গুঁড়িয়ে দেয়া হয় একটি মাদরাসা । ওই মাদরাসাটির সাথে আল কায়দার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ। আল কায়দা-সম্পৃক্তার অভিযোগে কয়েক দিন আগে পাঁচ বাংলাদেশীকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, কিছু দিন আগে আসামে বাংলাদেশী উগ্রবাদী ঢুকেছে বলে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যার পর থেকেই ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে ওই রাজ্যে। এখন পর্যন্ত ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অনেকেই মাদরাসার ইমাম ও শিক্ষক।
হিমন্ত বিশ্ব শর্মার দাবি, আজকের আসামে উগ্রবাদী কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, বলেন আসামের মুখ্যমন্ত্রী। সন্দেহভাজন মনে হলেই পুলিশকে খবর দিতে বলেছেন তিনি। এরপর থেকে এই নিয়ে তিনটি মাদরাসা ভাঙা হলো।
সূত্র : সংবাদ প্রতিদিন
