দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। এ ছাড়া দুদকের দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগ করেছেন।
আজ ৩ মার্চ (মঙ্গলবার) দুপুরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঙ্গে সাক্ষাৎ করতে যান দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। সাক্ষাৎ শেষে চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।
পরে আজিজী সাংবাদিকদের বলেন, ‘আমরা চাপের মুখে পদত্যাগ করিনি, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আমরা এই সময়টা খুব এনজয় করেছি।’
বেলা আড়াইটার দিকে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনকে মন্ত্রিপরিষদ বিভাগে দিকে যেতে দেখা যায়। পরে তাঁকে বেরিয়ে আসতে দেখা যায়।
অন্তর্বর্তী সরকার ১২ ডিসেম্বর ড. এম এ মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। দুদিন আগে, ১০ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ।
