অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার সন্ধ্যায় ইসরাইলি সৈন্যদের সাথে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি কর্মী এবং হামাস আন্দোলনের সদস্য নিহত হয়েছেন। একাধিক সূত্র এই কথা জানিয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রামাল্লার উত্তর-পূর্বাঞ্চলের আল-বিরহে দখলদার বাহিনীর ছোড়া গুলির আঘাতে মোহাম্মাদ জিব্রিল রুমানেহ মারাত্মকভাবে আহত হওয়ার পর মারা যান।
বিবৃতিতে আরো বলা হয়, সেখানে সংঘর্ষে দ্বিতীয় এক ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। তবে তার ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
হামাসের দেয়া বিবৃতিতে রুমানেহকে তাদের সংগঠনের একজন সদস্য হিসেবে আখ্যায়িত করা হয়। সাগোট বসতির কাছে জনগণের স্বাধীনতা রক্ষার লড়াইয়ের সময় তিনি ‘শহীদ’ হন। ওই বিবৃতিতে একজন টকবগে যুবকের ছবি ছিল।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, ‘হামলাকারীরা আল-বিরহের পাশের এলাকা সাগোটের বসতি সংলগ্ন একটি সামরিক ফাঁড়িতে ককটেল ছুঁড়ে মারে।
তারা আরো জানায়, ‘সৈন্যরা সন্দেহভাজনদের শনাক্ত করে সরাসরি গুলি করে। এতে দু’জন হামলাকারী গুলিবিদ্ধ হলে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।‘
এই ব্যাপারে এএফপি’র পক্ষ থেকে জানতে চাইলে দু’জনের মধ্যে একজন মারা গেছে সেনা মুখপাত্র এমনটা নিশ্চিত করেননি, যেমনটা ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস ঘোষণা করেছে।
এএফপি’র খবরে বলা হয়, ইসরাইল ফিলিস্তিন সংঘাতের ফলে চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত ফিলিস্তিনের কমপক্ষে ২৪২, ইসরাইলের ৩২, ইউক্রেন ও ইতালির একজন করে নাগরিক নিহত হন।
সূত্র : বাসস/এএফপি
