পাকিস্তানের খায়বার-পাকতুনখাওয়ার ঝুলে থাকা চেয়ারলিফটটি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে রাতের অন্ধকার নেমে আসায় এবং সেইসাথে ঝড়ো হাওয়া শুরু হওয়ায় বাকি ছয়জনকে ঝুলন্ত রেখেই হেলিকপ্টার অভিযান স্থগিত করা হয়েছে। তবে সেনাবাহিনী বিকল্প পথে অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডোরা ১০ ঘণ্টারও বেশি সময় ঝুলন্ড চেয়ারলিফটে আটকা পড়ে থাকা লোকদের অভিযানে নামে। বাটামগ্রাম জেলায় মঙ্গলবার আলিয়া তেহসিলে একটি গোন্ডলা ভেঙে পড়লে ওই আটজন আটকা পড়ে। ওই ক্যাবলে দুটি চেয়ারলিফট ছিল। অপরটি দিয়ে আটকা পড়া লোকদের খাবার ও পানি দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
উদ্ধার কর্মকর্তা রিয়াজ খটক বলেন, মঙ্গলবার সকালে ক্যাবল কারটি অর্ধেক পথ অতিক্রম করার পর দুটি ক্যাবলের একটি ছিড়ে গেলে সেটি একটি ক্যাবলে ঝুলতে থাকে। দুর্ঘটনার পরই সেনাবাহিনীসহ বিভিন্ন গ্রুপের মাধ্যমে উদ্ধার অভিযান শুরু হয়। কিন্তু ঝড়ো আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়।
সূত্র : আল জাজিরা, দি নিউজ

