পাকিস্তান বিমানবাহিনীতে নতুন কতগুলো শক্তিশালী যুদ্ধবিমান অন্তর্ভুক্ত হয়েছে। এ অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো চীনের তৈরী। শুক্রবার এ যুদ্ধবিমানগুলোর প্রথম ব্যাচ পাকিস্তান বিমানবাহিনীতে যুক্ত হয়।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ভারতের রাফালে যুদ্ধবিমানকে প্রতিরোধে জে-১০ সি নামের এ শক্তিশালী যুদ্ধবিমানগুলোকে পাকিস্তান তাদের বিমানবাহিনীতে যুক্ত করেছে।
এ আধুনিক যুদ্ধবিমানগুলোকে পাকিস্তান বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনের রাষ্ট্রদূত। এছাড়া পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানটি পাকিস্তানের সরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়।
অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমি এ ব্যাপারে নিশ্চিত যে এখন কেই আমাদের ওপর আগ্রাসন চালাতে পারবে না। কারণ, আমাদের সেনাবাহিনী এখন যেকোনো আগ্রাসনের কড়া জবাব দিতে পারবে।
চীনের সাথে হওয়া চুক্তির মাধ্যমে পাকিস্তান কতগুলো যুদ্ধবিমান পাবে তা এখনো জানায়নি দেশটির কর্তৃপক্ষ। এমনকি চুক্তির কোনো তথ্যও প্রকাশ করেনি।
পাকিস্তানের সাথে চুক্তি হওয়ার আট মাসের মধ্যে দেশটিতে এ যুদ্ধবিমানগুলো সরবরাহ করে চীন।
সূত্র : ইয়েনি শাফাক
