অসহায় রোগী ও নিজ দেশের জনগণের স্বাস্থ্যসেবায় নিজের মূল্যবান সময় ও পরিশ্রমকে নিয়োজিত রেখেছেন ফিলিস্তিনি এ চিকিৎসক। শুধু তাই নয়, এজন্য কোনো পারিশ্রমিকও নেন না তিনি।
ফিলিস্তিনের আশ শিফা সরকারি হাসপাতালে চাকরি করে যে যৎসামন্য বেতন পান তাতেই সন্তুষ্ট ডা: আউনি আবু নাহল। তবে বাসার চেম্বারে যখন বসেন, তখন তার স্বাস্থ্যসেবা নিতে কারো কোনো ফি দিতে হয় না।
‘গরিবের চিকিৎসক’ খ্যাত ডা: আউনি আবু নাহল মস্তিষ্ক ও স্নায়ু রোগ বিশেষজ্ঞ। গত ২২ বছর ধরে তিনি চিকিৎসা খাতে কাজ করছেন।
আলজাজিরাকে তিনি জানান, মস্তিষ্ক ও স্নায়ু রোগ সাধারণত দীর্ঘস্থায়ী হয় এবং এ রোগে আক্রান্তের নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ করতে হয় লম্বা সময় ধরে। এ রোগ নিরাময় হতে কখনো ১০ বছর কিংবা তার থেকে বেশি সময়ও লাগতে পারে।
ডা: আউনি আবু নাহল মনে করেন, একজন রোগীর পক্ষে এরকম দীর্ঘ সময় অর্থ পরিশোধ করে যাওয়া খুব কঠিন। তাই এসব রোগীদের থেকে তিনি কোনো পারিশ্রমিক নেন না।
তিনি বলেন, ‘আমার জীবন ও আমার এ পেশা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান, আমিও এগুলোকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে জনগণের জন্য দান করেছি।’
ডা: আউনি আবু নাহল জানান, রোগীর থেকে পারিশ্রমিক পাওয়ার অপেক্ষা করেন না তিনি; বরং তার অপেক্ষা বিশ্ব জগতের প্রতিপালকের থেকে পাওয়ার। অসহায়দের জন্য তার দুয়ার সবসময় খোলা। তাদের সবাইকে তিনি স্বাগত জানান।
আলজাজিরাকে তিনি বলেন, শুধু ফ্রি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা করেই তিনি তৃপ্ত হন না; বরং রোগীর সাথে দীর্ঘক্ষণ সময় কাটান এবং তাকে সাধ্যানুযায়ী সহায়তাও করেন। ‘আমি সবসময় যেকোনো রোগীকে সহায়তা ও তার নিরাপত্তার জন্য যথাসাধ্য সমর্থন করতে প্রস্তুত।’ বলেন তিনি।
তবে জীবনের দীর্ঘ সময় অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা দেয়া ‘গরীবের চিকিৎসক’ নিজে যে খুব আয়েশি জীবন যাপন করেন, তা কিন্তু নয়। তার জীবনও অন্যসব ফিলিস্তিনিদের মতোই। তার একাধিক ছেলে-মেয়ে, যারা সবাই এখন ভার্সিটিতে পড়ছেন। ব্যয়বহুল জীবন যাপনের মাঝেও তিনি যেভাবে অসহায়দের নিজ বাড়িতে ফ্রি চিকিৎসাসেবা দিয়ে আসছেন-তা সত্যিই বিরল!
সূত্র : আলজাজিরা
