Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিশ্বকাপে প্যাভিলিয়নের সাহায্যে ইসলামের পরিচিতি তুলে ধরবে কাতার

বিশ্বকাপে প্যাভিলিয়নের সাহায্যে ইসলামের পরিচিতি তুলে ধরবে কাতার

ফিফা বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথম ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে আরব-মুসলিম দেশ কাতার। ইতোপূর্বের সকল রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি ব্যয় করে বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে দেশটি। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শকদের স্বাগত জানাতেও বর্ণিল সাজে সেজেছে। বিশ্বকাপ চলাকালে ইসলামের শিক্ষা ও পরিচিতি তুলে ধরতে প্যাভিলিয়ন চালু করেছে দেশটির আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে আলজাজিরা মুবাশির এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের সময় নানা দেশ থেকে আসা লোকজনের কাছে ইসলামের পরিচয় তুলে ধরার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। প্যাভিলিয়নে বিভিন্ন ভাষায় মুদ্রিত ইসলাম ও আরব সংস্কৃতির পরিচিতিমূলক বই বিতরণ করা হবে। দর্শকদের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলার জন্য থাকবেন ওই ভাষার দায়ি। বিশেষত উপসাগরীয় দেশ কাতারের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হবে। ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তির মাধ্যমে দেখানো হবে পবিত্র কাবাঘর, হাজরে আসওয়াদসহ মক্কা ও মদিনার ঐতিহাসিক ইসলামি স্থাপনা।

বিশ্বকাপের আয়োজনকে ঘিরে নতুনভাবে সেজেছে কাতার। আরব ও ইসলামি স্থাপত্যশৈলীকে ধারণ করে প্রস্তুত রয়েছে দৃষ্টিনন্দন ৮ স্টেডিয়াম। রাজধানী দোহাসহ বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে মহানবী সা:-এর হাদিস সম্বলিত ম্যুরাল। সামাজিক শিষ্টাচার নিয়ে মহানবী সা:-এর প্রজ্ঞাপূর্ণ বাণী লেখা হয়েছে আরবি ও ইংরেজি ভাষায়। অর্থপূর্ণ হাদিসগুলো চলার পথে দর্শক ও পাঠকদের মনে তৈরি করবে আলাদা আবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ব্যাপক প্রশংসিত হচ্ছে।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স-এর মহাসচিব ড. আলি আল-কারাহ দাগি বলেন, ‘কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামের সুমহান বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে। বিভিন্ন দেয়ালে আরবি ও ইংরেজিতে মহানবী সা:-এর অর্থপূর্ণ হাদিস সাঁটিয়েছে। এ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।’

ফুটবল বিশ্বকাপ ঘিরে এমন উদ্যোগের প্রশংসা করেছেন ফিলিস্তিনি সাংবাদিক তামির আল-মিসহাল। তিনি বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে আগতদের ইসলামের সাথে পরিচিত করতে মহানবী সা:-এর বাণী দিয়ে সাজানো হয়েছে দোহার দেয়ালগুলো। আরবিতে লেখা হাদিসগুলোর পাশাপাশি ইংরেজি অনুবাদও যুক্ত করে দেয়া হয়েছে। ’

আলজেরিয়ান ক্রীড়া সাংবাদিক হাফিজ দারাজি লিখেছেন, ‘বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক দিন আগেই নতুন সাজে সেজেছে কাতার। এর দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে ইংরেজি অনুবাদসহ মহানবী সা:-এর হাদিস। এর মাধ্যমে কাতার নিজেদের ইসলামি সংস্কৃতি ধারণের পরিচয় দিয়েছে। ’

উল্লেখ্য, উপসাগরীয় দেশ কাতারের পাঁচটি শহরে ৮ স্টেডিয়ামে এবার ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আগামী ২০ নভেম্বর আল বাইত স্টেডিয়ামে এর উদ্বোধনী ম্যাচ ও ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী বিশ্বকাপ-২০২৬-এ থাকবে ৪৮টি দল, যা কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।

সূত্র : আল জাজিরা মুবাশির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য