আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩ হাজার টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেয়া হলো।
সাধারণত ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে বাণিজ্য মন্ত্রণালয়। তার আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সুপারিশ আসতে হয়। তবে প্রাণিসম্পদ মন্ত্রণালয় এতদিন বলছিল, এবার ভারতে ইলিশ রপ্তানি হবে না। নতুন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে কিনা- এ নিয়ে বেশ কিছু দিন ধরে আলোচনা চলছে। এরমধ্যেই ভারতে ইলিশ রপ্তানির এমন সিদ্ধান্ত এলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪শে সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো। উল্লিখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। তবে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়, গত ৫ বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি হয়েছে। এবারো সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিস ইমপোর্টার্স এসোসিয়েশন।
