সারা দেশে মসজিদকেন্দ্রিক বিভিন্ন ঘটনায় ২২ মাসে ২৭টি সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। নারীসহ আহত ৩০২ জন। ২০২২ সালের জানুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ঢাকাসহ দেশের ১৮টি জেলায় এসব ঘটনা ঘটে।
সুনামগঞ্জে সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটে।
এই জেলায় ছয়টি খুন হয়েছে। আহত ১২৪ জন। এসব ঘটনার মূলে রয়েছে মসজিদ সংস্কার, নির্মাণ, নামকরণ, ইমাম পরিবর্তন, পরিচালনা কমিটির পদ-পদবি নিয়ে বিরোধ ও অনুদানের টাকার হিসাব।
কালের কণ্ঠসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ২২ মাসে ঘটা ২৭টি ঘটনায় ২০টির মতো মামলা হয়েছে।
এসব মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিসহ দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। এর মধ্যে ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়। এসব মামলার বেশির ভাগ আসামি জামিনে রয়েছেন। মসজিদকেন্দ্রিক কিছু ঘটনায় বিরোধ এখনো চলছে।
বিরোধের পরিপ্রেক্ষিতে কিছু মসজিদ প্রশাসনের হস্তক্ষেপে পরিচালিত হচ্ছে।
সুনামগঞ্জে নিহত ৬, আহত ১২৪
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদে গত ১০ জুলাই মসজিদের জায়গায় জন্মানো গাছের কাঁঠাল নিলামে বিক্রিকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। তাঁরা হলেন হাসনাবাদ গ্রামের নুরুল হক (৪২), বাবুল মিয়া (৫০), শাহজাহান মিয়া (৪৫) ও মুখলেছুর রহমানের (৬০)। উভয় পক্ষে আহত হন অন্তত ৪০ জন।
গত ৩০ মার্চ জেলার ছাতক উপজেলায় সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামে মসজিদ ও মাদরাসার দেয়াল নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
গত ২৮ মার্চ ছাতকের গণেশপুর খেয়াঘাটে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষের ঘটনায় লায়েক মিয়া (৪০) নামের একজন নিহত হন।
সুনামগঞ্জে এত বেশি সংঘর্ষের বিষয়ে জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ এহসান শাহ কালের কণ্ঠকে বলেন, সম্প্রতি শান্তিগঞ্জ ও ছাতকে বিচ্ছিন্নভাবে মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। শান্তিগঞ্জে তিনটি মামলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ২ মৃত্যু
মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে ২০২২ সালের ৭ জুলাই সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে আব্দুর রশিদ (৫০) নামের এক ব্যক্তি খুন হন। গত ৫ মে নবীনগরের আলমনগর গ্রামের জামে মসজিদে জুমার নামাজে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সিজিল মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে পিটুনি দিলে তিনি মারা যান।
সিরাজগঞ্জে নিহত ২
শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে গত বছরের ২২ এপ্রিল মসজিদে ইমামের টাকা তোলা নিয়ে এবং ঈদগাহ মাঠের কমিটি গঠন ও পৃথক সংঘর্ষে দুজন নিহত হন। আহত হয়েছেন ১৪ জন। নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার হরিনাথপুর গ্রামের বিপ্লব হোসেন (৪২) এবং সলঙ্গার চক মনোহরপুর গ্রামের খোরশেদ আলম (৫৫)। দুটি ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকায় একজন মৃত্যু
পুলিশ জানায়, চলতি বছরের ২৬ জুলাই রাজধানীর নীলক্ষেতে মসজিদে দুই মুসল্লির বিবাদ থামাতে শামসুল হক নামের একজন মারা যান।
রাজশাহীতে একজন খুন, তালাবদ্ধ মসজিদ
রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নে একটি মসজিদের কমিটি নিয়ে গত বছরের ৯ এপ্রিল বিরোধের জেরে খোকন আলী নামের এক ব্যক্তি খুন হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনার দিন মসজিদটিতে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনার দেড় বছর পার হলেও ওই মসজিদ এখনো তালাবদ্ধ। সেই থেকে এখনো মুসল্লিরা পাশেই একটি আমবাগানে অস্থায়ী মসজিদ করে নামাজ আদায় করছেন।
চারঘাট মডেল থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, মসজিদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে খোকন আলী নিহত হওয়ার ঘটনায় স্ত্রী রুপা খাতুন মামলা করেন। এতে কামরুজ্জামান মুকুলকে প্রধান আসামি করে মোট ৩৮ জনের নাম উল্লেখ করা হয়।
হবিগঞ্জ নামকরণ নিয়ে বিরোধে হত্যা
সদর উপজেলার ফান্দাইল গ্রামের একটি মসজিদের নামকরণ নিয়ে বিরোধের জেরে গত বছরের ৫ জানুয়ারি আফজাল চৌধুরী নামের এক যুবক খুন হন। আহত হন ১০ জন। হামলাকারীরা পরে আফজাল চৌধুরীর বাড়িঘরেও হামলা চালায়। এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় ২২ জনের নামে হত্যা মামলা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। মামলাটি আদালতে বিচারাধীন।
লালমনিরহাটে মসজিদ সংস্কারে বিরোধে খুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে মসজিদ সংস্কারকে কেন্দ্র করে বিরোধের জেরে গত বছরের ২৭ ডিসেম্বর অলিয়ার রহমান নামের এক বৃদ্ধকে খুন করা হয়। এ ঘটনায় আদালতে হত্যা মামলা চলছে।
নওগাঁয় একজন খুন
গত বছরের ১৮ আগস্ট মসজিদের অজুখানা নির্মাণের জায়গা নিয়ে বিরোধের জেরে নওগাঁর বদগাছিতে আকবর আলী (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
অন্যান্য ঘটনা
কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রাসাদ ও আগাননগর ইউনিয়নে দুই মসজিদের কমিটি গঠন ও ইমাম নিয়োগ নিয়ে গত ২৬ মে পৃথক সংঘর্ষে ৫৫ জন আহত হন। পাবনায় গত বছরের ১০ এপ্রিল থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চার উপজেলার পাঁচটি মসজিদে বিভিন্ন বিষয় নিয়ে সংঘর্ষে ২৮ জন আহত হন। পুলিশ জানায়, এসব ঘটনায় করা মামলাকে কেন্দ্র করে চাপা ক্ষোভ থেকে এখনো কিছু এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গত ১৪ এপ্রিল মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জায়ফরনগর ইউনিয়নের চাটেরাগ্রামে জমি ও মসজিদের অনুদানের টাকার হিসাব চাওয়ায় দুই পক্ষের হামলা-পাল্টাহামলায় একজন নিহত ও উভয় পক্ষের ছয়জন আহত হন।
মসজিদ কমিটির দ্বন্দ্বের ঘটনায় গত ৫ মে বরিশালের হিজলার বড়জালিয়া ইউনিয়নে একজনকে এবং ২২ এপ্রিল বাবুগঞ্জের দক্ষিণ রাকুদিয়া গ্রামে আরেকজনকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটে।
২০২২ সালের ১১ এপ্রিল নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একটি মসজিদে ইফতারের সময় শিশুকন্যাকে নিয়ে নেওয়ার জেরে সংঘর্ষের ঘটনায় লালচান নামের একজন নিহত হন।
মসজিদ কমিটি ও দানবক্স নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ৯ জুলাই চট্টগ্রামের পটিয়ায় শোভনদণ্ডী ইউনিয়নের হিলচিয়া এলাকায় গুলি, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৪ জন গুলিবিদ্ধ হন। পরে পাল্টাপাল্টি ৪৮ জনের নামে মামলা করা হয়েছে পটিয়া থানায়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কামশাইর এলাকায় গত ১৮ আগস্ট মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় আটজন আহত হন।
গত ১০ জুন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের বড় আইনপুর গ্রামে মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হন।
গত বছরের ১৬ ডিসেম্বর দক্ষিণ সুরমায় মসজিদ কমিটির বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।
রাজধানীর বারিধারা জামিয়া সাঈদিয়া কারীমিয়ার অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ কালের কণ্ঠকে বলেন, মসজিদ পরিচালনার ক্ষেত্রে যখন ব্যক্তিস্বার্থ, আর্থিক বিষয়, পদ-পদবির বিষয় চলে আসে, তখনই নানা বিরোধ সৃষ্টি হয়। মসজিদ পরিচালনা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের কিছু নীতিমালাবিষয়ক বই-পুস্তক রয়েছে। এগুলো মেনে চললে মসজিদকেন্দ্রিক বিরোধ অনেকটা এড়ানো যায়।
এ বিষয়ে অপরাধ ও সমাজ বিশ্লেষক অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, এসব ঘটনা প্রতিরোধে সরকারকে নিবন্ধনসহ বিধিমালা জারি করে কার্যকর ভূমিকা রাখতে হবে। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ভূমিকা রাখা জরুরি।
(প্রতিবেদনে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা)
