‘আসুন! আপনার মুসলিম প্রতিবেশীর সঙ্গে দেখা করুন, ইসলাম ধর্ম সম্পর্কে আরো জানুন। আপনার জন্য রয়েছে সুস্বাদু খাবার, মেহেদি ও আনন্দমুখর আড্ডা।’ এভাবেই ফেসবুকে অমুসলিম প্রতিবেশীদের মসজিদে আমন্ত্রণ জানিয়েছে ‘রকফোর্ড মুসলিম কমিউনিটি’। তারা ‘গেইনপিস’-এর সঙ্গে যৌথভাবে গত রবিবার অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানায়।
আয়োজকরা আশা করছেন, এই আয়োজন মানুষকে প্রশ্ন করার সুযোগ দেবে, ভুল ধারণা দূর করবে এবং মুসলিম ও অমুসলিমদের মধ্যে সংহতি তৈরি করবে। গেইনপিসের পরিচালক সাবিল আহমদ বলেন, ‘তারা হয়তো সংশয় পোষণ করে, বৈষম্যের ধারণা করে এবং নৈরাজ্যের জন্য দায়ী মনে করে—যেমনটি সারা বিশ্বে হচ্ছে। আশা করা যায়, এমন আয়োজনের ফলে মানুষ পরস্পরকে মানুষ হিসেবে, প্রতিবেশী হিসেবে এবং আমেরিকান হিসেবে গ্রহণ করতে উদ্বুদ্ধ করবে। দিন শেষে আমরা একসঙ্গে ন্যায়ের জন্য, শান্তির জন্য, নৈতিকতার জন্য এবং আদর্শ সমাজের জন্য কাজ করতে পারব।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নরওয়ে, কানাডা, ফ্রান্সসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ‘ভিজিট মাই মসক ডে’ পালন করে থাকে। এই দিনে তারা প্রতিবেশীদের জন্য মসজিদ উন্মুক্ত করে দেয় এবং অতিথিদের সম্মানে আলোচনাসভা ও আপ্যায়নের ব্যবস্থা করে।
সূত্র : অ্যাবাউট ইসলাম
