ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে উগ্রবাদী সংগঠন আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনের তুলনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। ভারত এর তীব্র প্রতিবাদ করেছে।
বিলাওয়াল শুক্রবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে বলেন, ‘ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাতের কসাই এখনো জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’
পাক মন্ত্রীর ওই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে তার মানসিক দেউলিয়াপনা এবং দায়িত্বজ্ঞানহীনতা প্রকাশ পেয়েছে।’
নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা।
বৃহস্পতিবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ২০০১ সালের সংসদ হামলার ঘটনা এবং আল কায়দাপ্রধান ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে আশ্রয় দেয়ার প্রসঙ্গ তুলে সমালোচনা করেছিলেন ইসালামাবাদের। তারই প্রতিক্রিয়ায় শুক্রবার এই মন্তব্য করেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে গুজরাত দাঙ্গার প্রসঙ্গ তুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, ‘ভারতের প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত তার এই দেশের মাটিতে প্রবেশাধিকার ছিল না।’
উল্লেখ্য, গোধরা-পরবর্তী দাঙ্গার পরে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদির ভিসার আবেদন নাকচ করেছিল ওয়াশিংটন। ওই প্রসঙ্গই তুলে ধরেন বিলাওয়াল। পাশাপাশি, আরএসএসের সাথে হিটলারের কুখ্যাত খুনে বাহিনী এসএস গ্রুপের তুলনাও করেন তিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
