সুনামগঞ্জের শাল্লায় দুই শিশুসন্তানসহ এক নারী পানিতে পড়ে প্রবল স্রোতে নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৯ জুন) সন্ধ্যার দিকে তারা পানিতে পড়ে নিখোঁজ হয়ে যান। তাদের বাড়ি উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামে।
ঘটনা শোনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ ও ৩নং বাহাড়া ইউপি সদস্য মো. হাবিবুর রহমান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একদল পুলিশ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় ওই নারী আনুমানিক সাড়ে তিন বছর ও সাড়ে পাঁচ বছরের দুই শিশুসহ বাহাড়া গ্রামের সড়ক দিয়ে যাচ্ছিলেন। দাঁড়াইন নদীর সেতুতে ওঠার সময় ভাঙা স্থানে পড়ে যান এবং নদীতে পড়েন। এ সময় ওই নারী লোকজনের সাহায্য চেয়ে চিৎকার দেন। সেখানে একজন মোটরসাইকেল চালক ও আরেকজন সাহায্যের জন্য এগিয়ে গেলেও তাদের উদ্ধার করতে পারেননি। ওই নারী তার দুটি শিশু সন্তানসহ প্রবল স্রোতে দাঁড়াইন নদীর পানিতে ভেসে যান। দুই প্রত্যক্ষদর্শী বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানান। প্রশাসনের লোকজন দ্রুত এগিয়ে এসে স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম, বয়স ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
