Thursday, November 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকসৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা

সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলো লক্ষ্য করে হামলা জোরদার করেছে। বুধবার দেশটির জিজান বন্দরে হামলা চালানোর পাশাপাশি জেদ্দা বন্দরের আকাশে ড্রোন পাঠায় তারা। এ ছাড়া রাজধানী রিয়াদ লক্ষ্য করেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এসব হামলা প্রতিহত করার দাবি করেছে। ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি হামলার জবাবে হুথিরা সৌদি আরবের বন্দরগুলোতে হামলার হুমকি দেওয়ার পর এ পরিস্থিতি তৈরি হয়েছে।

বুধবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, জিজান বন্দরে হুথিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে জোটটি।

পরে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের জেদ্দা বন্দরের আকাশে হুথিদের একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে তাদের বাহিনী। ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক নাগরিক আহত হননি।

জোটের বিবৃতির পর ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান আলজাজিরার সংবাদদাতা নাবিল আল-ইউসুফি। পরে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

এর আগে মঙ্গলবার রিয়াদের আর্থিক জেলায় একটি সুউচ্চ ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হুথিরা। এতে অন্তত ১১ জন আহত হন। রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার এ চেষ্টা দুই পক্ষের সংঘাতকে আরো বাড়িয়ে তুলেছে।

ইরান-সমর্থিত হুথি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। দুই পক্ষই পাল্টাপাল্টি হামলায় বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।

হুথি-সংশ্লিষ্ট ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে, সৌদি আরব ইয়েমেনের হোদেইদা বন্দরে নতুন করে হামলা চালিয়েছে। এর আগে বুধবার হুথিরা হুঁশিয়ারি দিয়েছিল, হোদেইদা বন্দরে হামলা হলে সৌদি আরবের বন্দরগুলোতে পাল্টা আঘাত হানা হবে।

ইয়েমেনের রাজধানী সানা থেকে আলজাজিরার সংবাদদাতা ইউসুফ মাওরি বলেন, ইয়েমেনে আমদানি করা পণ্যের ৯০ শতাংশই হোদেইদা বন্দরের মাধ্যমে আসে। বন্দরটি বন্ধ হয়ে গেলে দেশটির মানবিক পরিস্থিতি বিপর্যয়ের মুখে পড়তে পারে।

মাওরি আরো বলেন, হোদেইদা বন্দরে সৌদি আরবের সাম্প্রতিক কয়েকটি হামলায় পণ্য সংরক্ষণের ট্যাংক এবং জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত ক্রেন লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর সঙ্গে বিভিন্ন রণাঙ্গনে হুথিদের লড়াই চলছে। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বুধবার হুথিদের অবস্থান লক্ষ্য করে ৬৫৪টি হামলা চালানো হয়েছে।

আলজাজিরার সংবাদদাতা মাহা আলী তাইজ থেকে জানান, সাম্প্রতিক সময়ে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। সরকারি বাহিনী জানিয়েছে, তাইজের পশ্চিমে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

মাহা আলী বলেন, প্রায় ৭২ ঘণ্টা ধরে ধারাবাহিকভাবে তীব্র বিমান হামলা চলছে। তাইজের কেন্দ্রীয় অংশের ওপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে জাবাল সাবের পর্বতমালা এবং এর সর্বোচ্চ চূড়া জাবাল আল-আরুস। সরকারি বাহিনীর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই চূড়াটি দখলে নিতে চায় হুথিরা।

অন্যদিকে হুথিরা দাবি করেছে, বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট সানা ও ইয়েমেনের আরো ১০টি প্রদেশে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ১০৫টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য