আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে জব্দ করা অন্তত তিন হাজার লিটার মদ নালায় ফেললো তালেবান সরকার।
রোববার টুইটারে নালায় মদ ফেলানোর একটি ভিডিও প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (জিডিআই)।
বার্তা সংস্থা এএফপি জানায়, একদল গোয়েন্দা কর্মকর্তা রাজধানী কাবুল থেকে মদের ড্রামগুলো জব্দ করে সেখানের একটি খালে ফেলে দেয়।
টুইটারের ওই ভিডিও ফুটেজে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘মদ তৈরি ও বিক্রি থেকে অবশ্যই মুসলমানদের বিরত থাকতে হবে।’
মদ কেনা-বেচার ওপর তালেবান সরকার আগের যেকোনো সরকারের চেয়ে বেশ কঠোর। এরই অংশ হিসেবে দেশের নানা স্থানে অভিযান চালাচ্ছে তারা। যদিও এর আগের সরকারগুলোর সময়েও দেশটিতে মদপান ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ছিল।
তবে কখন এ অভিযান চালানো হয় এবং জব্দকৃত মদ নষ্ট করা হয় সে সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। গোয়েন্দা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় তারা তিনজন মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে।
সূত্র: আলআরাবিয়া ও জিও নিউজ
