Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসুলভ মূল্যে পণ্য : ৪০ মিনিটেই বিক্রি শেষ

সুলভ মূল্যে পণ্য : ৪০ মিনিটেই বিক্রি শেষ

সুলভ মূল্যের পণ্য নিয়ে গাড়ি এসে থামতেই উত্সুক ক্রেতার ভিড়। মাত্র ৪০ মিনিটে সব পণ্য বিক্রি শেষ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ি মোড়ে পবিত্র রমজান মাস উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ গাড়িতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির সময় এ চিত্র দেখা যায়।

পণ্যের তুলনায় ক্রেতা বেশি থাকায় অনেকে নিরাশ হয়ে ফিরে যায়। দাম নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে, এটি সুলভ নয়। আবার কেউ বলছে, বাজারের চেয়ে দাম কিছুটা কম।

সরেজমিন চিত্র :

দুধ, ডিম, গরু ও খাসির এবং চামড়া ছাড়া ব্রয়লার মুরগির মাংস নিয়ে বিকেল ৪টা ৪০ মিনিটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ গাড়ি হাজির। গাড়িতে ২০০টি ডিম, ৬০ লিটার দুধ, আট কেজি খাসির মাংস, ২৫ কেজি ব্রয়লার মুরগির মাংস ও ৬০ থেকে ৮০ কেজি গরুর মাংস ছিল।

গাড়ি থেকে নেমে এক পাশে টেবিল ফেলে দুজন বসেন। তাঁরা টাকা নিয়ে স্লিপ দেন। সেই স্লিপ দেখিয়ে গাড়ি থেকে পণ্য কেনে ভিড় জমানো ক্রেতারা। শুরু থেকে টেবিলের সামনে দীর্ঘ লাইন না থাকলেও পুরো সময় ওই জায়গায় মোটামুটি ভিড় ছিল। প্রথমে ডিম, এরপর খাসির মাংস, মুরগির মাংস ও দুধ বিক্রি শেষ। শেষে গরুর মাংসও শেষ হয়ে যায়। বিকেল ৫টা ২০ মিনিটে ফাঁকা হয়ে যায় পুরো গাড়ি। এ জন্য অনেকে খালি হাতে ফিরে যান।

খামারবাড়ির সামনে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন আলমগীর হোসেন, সুলভে পণ্য বিক্রির কথা শুনে গাড়ি রেখে আসেন। কিন্তু তখন আর সে সুযোগ নেই। কালের কণ্ঠকে আলমগীর বলেন, ‘কিছুক্ষণ আগে শুনলাম বিক্রি হচ্ছে। ওই পাশে গাড়ি রেখে এসে শুনি বিক্রি শেষ।’

দুধ, ডিম আর মুরগি কিনতে ইন্দিরা রোড থেকে আসেন ফরিদ উদ্দিন আহমেদ। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘এসে দেখলাম আমার সামনে পাঁচজন দাঁড়ানো। বললাম, সব কিনতে পারব কি না। তাঁরা বললেন, পারবেন। এখন বলছেন, দুধ আর গরুর মাংস ছাড়া কিছু নেই। তাই শুধু দুধটাই নিলাম।’

দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া :

মনিপুরীপাড়া থেকে এসেছেন মুনজিলা বেগম। খামারবাড়ি কৃষি অফিসে তিনি আয়ার কাজ করেন। মুনজিলা কালের কণ্ঠকে বলেন, ‘বাজারের থেকে দাম একটু কম বলে গরুর গোশত আর ডিম নিলাম। আমরা তো বাজারে ঢুকতেই পারি না। আর গরুর গোশত কেনা কঠিন। তাই আধাকেজি গরুর গোশত আর এক হালি ডিম নিলাম।’

মোহাম্মদপুরের ক্ষুদ্র ব্যবসায়ী ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘দাম একেবারে কম না। তবে ফ্রেশ খাবার পাচ্ছি। বাজারে এখন তো ফ্রেশ খাবার পাওয়া যায় না।’

রিকশাচালক ফজের আলী হেমায়েতপুরে পরিবার নিয়ে থাকেন। গরুর মাংস কিনতে এসে দাম শুনে দমে যান। ফজের আলী কালের কণ্ঠকে বলেন, ‘বাজারে গেলে তেল আর গোশত কিনলে টাকা শেষ হয়ে যায়। তাই আগের মতো আর মাংস কিনে খেতে পারি না। শুনলাম এখানে গরুর মাংস ৩২০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। আইসা শুনি এটা আধাকেজির দাম। এ জন্য আর নিলাম না। এখন চলে যাচ্ছি।’

আরেক ক্রেতা ফারুক হোসেন বলেন, ‘তারা যে মূল্য ধার্য করছে, সেটি সাধারণ মানুষের ভেতর পড়ে না। এটা আর বাজারের মধ্যে কী পার্থক্য আছে বলেন?’

বিভিন্ন পণ্যের দাম :

গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, প্রতি কেজি মুরগির মাংস ৩৪০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতিটি ১০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। গরু, খাসি ও মুরগির মাংস আধাকেজি করে কেনা যাচ্ছে।

বিক্রির স্থান :

বিক্রির স্থানগুলো হলো সচিবালয়সংলগ্ন আবদুল গণি রোড, খামারবাড়ি, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, মিরপুর ষাট ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশী, খিলগাঁও রেলগেট, নাখালপাড়ার লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুরের বছিলা, উত্তরার দিয়াবাড়ী, যাত্রাবাড়ী, গাবতলী, হাজারীবাগ, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীর চর ও রামপুরা।

উদ্বোধন :

পবিত্র রমজান উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, ‘এটা আমাদের অফিশিয়াল ম্যান্ডেট না। তার পরও একজন মানুষকে যদি উপকার করতে পারি, একজন মানুষ যদি সহজলভ্য বা সাধ্যের মধ্যে দুধ, ডিম, মাংস কিনতে পারেন, তাহলে তাঁর রোজা রাখা স্বস্তিদায়ক হবে। সে লক্ষ্য মাথায় রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কার্যক্রম শুরু করেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য