পাকিস্তান-চীন সীমান্তে তিনটি এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল স্কোয়াড্রন চালু করেছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। এছাড়া আরো দুটি স্কোয়াড্রন চালু করার সময়সূচি নিয়ে ভারত ও রাশিয়ান কর্মকর্তারা শিগগিরই আলোচনায় বসতে যাচ্ছেন।
ভারত ২০১৮-২০১৯ সালে রাশিয়ার সাথে এস-৪০০ ক্ষেপণাস্ত্রের পাঁচটি স্কোয়াড্রনের জন্য ৩৫ হাজার কোটি রুপির (ভারতীয় মুদ্রা) একটি চুক্তি স্বাক্ষর করেছিল। ওই চুক্তির তিনটি স্কোয়াড্রন ইতোমধ্যে ভারতে পৌঁছেছে, বাকি দুটি সরবরাহ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।
এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, ‘তিনটি স্কোয়াড্রন ইতোমধ্যে গুরুত্বপূর্ণ সেক্টরে কার্যকর করা হয়েছে। একটি ইউনিট চীন ও পাকিস্তান উভয়ের দিকে নজর রাখছে এবং একটি করে চীন ও পাকিস্তান ফ্রন্টের জন্য বরাদ্দ করা হয়েছে।’
সূত্র জানিয়েছে, রাশিয়ান এবং ভারতীয় কর্মকর্তারা শিগগিরই বাকি দুটি ক্ষেপণাস্ত্র স্কোয়াড্রনের বিতরণের সময়সূচি নিয়ে বৈঠক করবেন।
তবে রাশিয়া ইউক্রেনের সাথে সঙ্ঘাত নিয়ে ব্যস্ত থাকায় তারা বিতরণের সময়সূচি স্পষ্ট করেনি।
ভারতের প্রতিরক্ষা সূত্রগুলো এএনআইকে বলেছে, তাদের কাছে সরবরাহ করা স্কোয়াড্রনগুলো রাশিয়া নিজেদের প্রয়োজনে ব্যবহারের জন্য তৈরি করেছিল।
সূত্র : দ্য সিয়াসাত ডেইলি
