গাজার শিশুদের হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রও ইসরাইলের সহযোগী বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনীকে আর্টিলারি সেল সরবরাহের অনুমোদন দেয়ার পর এমন মন্তব্য করেছে দলটি।
শনিবার (৩০ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের সামরিক বাহিনীর গণহত্যা ও সকল সীমালঙ্ঘনকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে তারা গাজার শিশু ও বেসামরিক নাগরিকদের হত্যায় অংশ নিচ্ছে। একইসাথে তারা গাজা স্ট্রিপের বেসামরিক নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা ও তাদের নাগরিক জীবন ধ্বংসের সহযোগী হচ্ছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে শুরু হয় গাজা যুদ্ধ। এরপর থেকে ইসরাইল অব্যাহত বোমা হামলা করে যাচ্ছে গাজা উপত্যকায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ২১ হাজার ৬৭২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৫৫ হাজার ১৬৫ জন আহত হয়েছে। গত ২৪ ঘণ্টায়ই ১৬৫ জন নিহত ও ২৫০ জন আহত হয়েছে।
সূত্র : আল জাজিরা
