তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তানে রাষ্ট্রীয় সফর করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান।
বুধবার ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ সফরে মাওলানা ফজলুর রহমান পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন ইস্যু নিয়ে তালেবান সরকারের শীর্ষ নেতাদের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করেন।
বুধবার মাওলানা ফজলুর রহমান ও তালেবান শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দাজাদার মধ্যকার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। তবে সাক্ষাতের আলোচনার ইস্যু ও স্থানের বিষয়টি গোপন রাখা হয়।
এর আগে গত ৮ জানুয়ারি মাওলানা ফজলুর রহমান ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসানের সাথে সাক্ষাত করেন। বিদেশী শক্তির হস্তক্ষেপ থেকে আফগানিস্তানকে মুক্ত করার জন্য মাওলানা ফজলুর রহমান ওই সাক্ষাতে তালেবান সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, তার এ সফরের উদ্দেশ্য হলো- পাকিস্তান-আফগানিস্তানের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করা, ভুল বোঝাবুঝির অবসান ঘটানো।
সূত্র : ডেইলি জংগ
