গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলি সেনাদের হাতে বন্দি ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে। জাতিসংঘের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে নির্যাতনের চিত্র উঠে এসেছে। খবর বিবিসি।
জাতিসংঘের খসড়া প্রতিবেদনটি এখনও প্রকাশিত হয়নি। এটি তৈরি করেছে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ। ইসরায়েলের অন্তত তিনটি সামরিক কেন্দ্র থেকে ডিসেম্বর পর্যন্ত ছাড়া পাওয়া এক হাজার বন্দিদের মধ্য থেকে একশ জনের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ছয় থেকে ৮২ বছর বয়সী নারী পুরুষের সাক্ষাৎকার নেয়া হয়েছে। এদের মধ্যে ২৯ জন শিশু ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, বন্দিদের আটকে রাখা বা জিজ্ঞাসাবাদের সময় নারী পুরুষ উভয়ই যৌন সহিংসতা, যৌন হয়রানি ও হয়রানির হুমকির শিকার হয়েছে। এর মধ্যে নারীদের খারাপ স্পর্শ ও পুরুষদের যৌনাঙ্গে মারধরও রয়েছে। এছাড়া বন্দিদের কাছ থেকে মূল্যবান দ্রব্য ছিনতাই, মারধর, জোর করে খাঁচায় বন্দি করে রাখা, কুকুর লেলিয়ে দেয়া, বন্দুক ও বুটের বাট দিয়ে আঘাত করা হয়েছে। ব্যাপক নির্যাতনের ফলে কিছু ক্ষেত্রে পাঁজর ভাঙা, কাঁধ আলাদা হয়ে যাওয়াসহ দীর্ঘস্থায়ী আঘাতের শিকার হয়েছে বন্দিরা।
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে সেনাদের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
সম্প্রতি ইসরায়েলি ও ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠী এবং জাতিসংঘের আলাদা তদন্তে উঠে আসা বন্দি নির্যাতনের সঙ্গে ইউএনআরডব্লিউএ এর খসড়া প্রতিবেদনের মিল পাওয়া গেছে।
