জানাযার সালাত আদায় ও তার অনুগামী হওয়ার ফযীলত
২০৭১। ইয়াহয়া ইবনু আয়্যুব, আবূ বকর ইবনু আবূ শায়বা, যুহায়র ইবনু হারব ও আলী ইবনু হুজর (রহঃ) … আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তির (মৃত্যুর পর তার) জানাযা নিয়ে যাওয়া হচ্ছিল এবং মানুষ তার সম্পর্কে প্রশংসা করা হচ্ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে। (আরেকবার) অন্য একটি জানাযা নিয়ে যাওয়া হচ্ছিল এবং তার সম্পর্কে খারাপ মন্তব্য করা হচ্ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে।
তখন উমর (রাঃ) বললেন, আমার পিতা-মাতা আপনার জন্য উৎসগীত হোক। একটি জানাযা নিয়ে যাওয়া হচ্ছিল, তার সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য করা হচ্ছিল। তখন আপনি বললেন, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে। এরপর আর একটি জানাযা সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল যার সম্পর্কে খারাপ মন্তব্য হচ্ছিল তখন বললেন, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে?
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার সম্পর্কে তোমরা ভাল মন্তব্য করেছ। তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে আর যার সম্পর্কে তোমরা খারাপ মন্তব্য করেছ, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। তোমরা পৃথিরীতে আল্লাহ তা’আলার সাক্ষী, তোমরা পৃথিবীতে আল্লাহ তা’আলার সাক্ষী, তোমরা পৃথিবীতে আল্লাহ তা’আলার সাক্ষী।
