ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে সচিবদের থাইল্যান্ডে পাঠানোর একটি প্রকল্প নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানা গেছে, উপসচিব থেকে সিনিয়র সচিব পদমর্যাদার সাড়ে তিনশ কর্মকর্তাকে থাইল্যান্ডের একটি বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। দেশে প্রশিক্ষণে কর্মকর্তাদের আগ্রহ কম থাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিয়াম ফাউন্ডেশন।
বিএনপি সরকারের প্রথম একনেক সভায় অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপন করা হতে পারে। তবে অর্থনৈতিক সংকটের সময়ে এমন প্রকল্প নিয়ে সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। ইংরেজি না জেনেও উচ্চপদে দায়িত্ব পালন নিয়ে সমালোচনা করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সচিব যদি মনে করে ইংরেজি শিখতে তার থাইল্যান্ড যেতে হবে, তাহলে তার সচিব হওয়ারই যোগ্যতা নাই।’
