সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এক সরকারি বিবৃতিতে বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ফুজাইরাহ কর্তৃপক্ষ। ফুজাইরা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন (ইউএভি) সফলভাবে আটকে দেয় দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা। পরে ভূপাতিত ড্রোনটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশির মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংবাদ ও তথ্য নিয়ে গুজব বা অসমর্থিত তথ্য ছড়িয়ে জনমানসের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করার জন্য সতর্ক থাকতে হবে। তারা সরকারি মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ওপরই গুরুত্ব দিয়েছেন। উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে অবস্থান করছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছে। জনসাধারণকে সরকারের অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত আপডেট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
