অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা আরও জোরালো হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিভিন্ন এলাকায় হামলা, ধরপাকড় ও তল্লাশি অভিযান চালানো হয়েছে। এতে কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
ওয়াফা জানিয়েছে, নাবলুসের পূর্বে বেইত দাজান এলাকায় ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলার সময় তাদের মারধর করা হয়।
বেথলেহেমের দক্ষিণ-পূর্বে আবু নুজাইম এলাকায় বসতি স্থাপনকারীদের গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হয়েছেন। তাকে উদ্ধারের জন্য একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে সেটিতেও হামলা চালানো হয়। এ সময় অ্যাম্বুলেন্সের কর্মীদের পেপার স্প্রে করা হয়েছে বলে জানিয়েছে ওয়াফা।
এদিকে জেনিনের দক্ষিণে আনজা এলাকায় একটি ফিলিস্তিনি পরিবারের বাড়িতে অভিযান চালিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। নাবলুসের পূর্বে বেইত ফুরিক এলাকায় আরেক ফিলিস্তিনিকে মারধরের পর গ্রেপ্তার করা হয়েছে।
ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর জর্ডান উপত্যকা ও রামাল্লার আশপাশের এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর ও বসতিতে হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা।
অন্যদিকে বেথলেহেম, জেনিন, কালকিলিয়া ও তুবাসসহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি চেকপয়েন্ট বসিয়ে সড়ক বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী।
অধিকৃত পশ্চিম তীরে চলতি বছর সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য অনুযায়ী, জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত ২০২৬ সালে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় প্রায় ৮৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন।
